একমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
একমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন, সাম্প্রদায়িকতামুক্ত পাঠ্য পুস্তক প্রণয়ন, শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক বাংলা ভাষায় পাঠদান ও কোচিং নিষিদ্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ গ্রাম থিয়েটার, ভোর হলো ও বন্ধন থিয়েটারের আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক সুনামগঞ্জের     
খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদার, প্রথমআলো বন্ধু সভার সভাপতি রাজু আহমদ, বন্ধন থিয়েটারের সামির পল্লব, শিক্ষক দেলোয়ার হোসেন, স্পার্ক বিকেম সভাপতি প্রদীপ পাল, কলেজ শিক্ষার্থী বিলাল হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, তিন ধারার শিক্ষা ব্যবস্থা বিলোপ করে বাংলা শিক্ষার সাথে সমন্বিত করে নতুন শিক্ষা ব্যবস্থা প্রবর্তন এখন সময়ের দাবি। মুক্তিযুদ্ধের চেতনার আলোকে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মানুষের সমঅধিকারের বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাম্প্রদায়িকতামুক্ত একমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে হবে। আধুনিক বিজ্ঞান মনষ্ক শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে। সৃষ্টিশীল নতুন প্রজন্ম গড়ার লক্ষ্যে সকল প্রকার কোচিং বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।  
বক্তারা বলেন ভাষা আন্দোলনের ৬৫ বছর অতিক্রম করে স্বাধীন দেশে আমরা মাতৃভাষায় রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়েছি। দেশের উচ্চ আদালতসহ সকল পর্যায়ে মাতৃভাষা আজও উপেক্ষিত। এই অবস্থা কোন ভাবেই মেনে নেওয়া যায় না।  
মানববন্ধনে উপস্থিত ছিলেন অমিত বর্মন, রাজিব, শফিকুল ইসলাম, তুর্য দাশ রাজ, আশিষ বর্মন, শরিফুল ইসলাম, শাহাবুদ্দিন, সানিরুল হক, সমিরন চন্দ্র, শাহীন, আদি, আমিনুল ইসলাম, দিশা, ঐশি, দিয়া, প্রপা, জাকের সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।