একাত্তরের নায়কেরা-জজ মিয়া

কুমার সৌরভ 
(পূর্ব প্রকাশের পর)
জজ মিয়া বলছিলেন, সুনামগঞ্জের দুই মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি ও আলী আমজাদও এখানে আশ্রয় নিয়েছিলেন। এভাবেই কিছু দিন কাটে। পরে তিনি বালাট চলে যান। আর সরাসরি যুদ্ধে অংশ নিতে ইকোওয়ান ট্রেনিংক্যাম্পে। ট্রেনিংক্যাম্পে নয় নম্বর ব্যাচের সদস্য ছিলেন তিনি।
২৮ দিনের প্রশিক্ষণ শেষে নবম ব্যাচকে তিন ভাগ করে পাঠিয়ে দেয়া হয় বালাট, সেলা ও বড়ছড়া সাবসেক্টরে। জজ মিয়াসহ দুইটি লরি চলে আসে বালাট সাবসেক্টরে। বালাট সাবসেক্টরের কমান্ড তখন ভারতীয় মেজর ডি.সুজার হাতে। ডি,সুজার কাছে তারা রিপোর্ট করলেন। বালাট আসার পর কানে ব্যথা পাওয়ায় এক সপ্তাহ চিকিৎসা নিতে হয় তাকে। সুস্থ হলে ডি.সুজা ‘সি’ কোম্পানিতে পাঠিয়ে দেন। ‘সি’ কোম্পানি তখন সিলেটের এনামুল হক চৌধুরীর নেতৃত্বে নারায়ণতলার আজাফর মোড়লের বাড়িতে ঘাঁটি গেঁড়েছে। ওই কোম্পানির টুআইসি  (সেকেন্ড ইন কমান্ড) ছিলেন ময়মনসিংহের ফজলু ভূইয়া। সি কোম্পানিতে জজ মিয়া মাস দেড়েক দায়িত্ব পালন করেন। মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ডিফেন্স বাংকারে অস্ত্রধারী মুক্তিযোদ্ধা হিসাবে নিয়োজিত হন। স্মৃতি থেকে জজ মিয়া যেসব বাংকারের কথা বলছিলেন তার দুটো হলো নলুয়ার হরজা মোড়লের বাড়ির বাংকার ও ভৈষারপাড়ের বাংকার। তখন পাকবাহিনী   সুরমা নদী অতিক্রম করে বেরিগাঁওরের লালঘরে (ঘরের রঙ লাল ছিল বলে এরকম নামকরণ) অবস্থান নিয়েছে। পাকবাহিনী ও মুক্তিযোদ্ধাদের বাংকারের দূরত্ব হাজার ফুটের কম। প্রায়ই উভয় পক্ষে গুলি বিনিময় হতো।
‘সি’ কোম্পানিতে দেড় মাস দায়িত্ব পালনের পর তাকে নবগঠিত ‘ই’ কোম্পানির সেকেন্ড ইন কমান্ড করে নারায়ণতলা থেকে ট্রান্সফার করা হয়। ‘ই’ কোম্পানির কমান্ডার নিযুক্ত হন পূর্বোক্ত ফজলু ভূইয়া। ‘ই’ কোম্পানি তাদের অবস্থান গড়ে তুলে চিনাকান্দির নিকটবর্তী কাইতকোনা গ্রামে। এখানে থাকতেই বালাট সাবসেক্টরের কমান্ডার মেজর সালাহউদ্দিন (ততদিনে ভারতীয় মেজর ডি. সুজার পরিবর্তে দেশীয় মেজর অধিনায়কের দায়িত্ব নিয়েছেন) এর নির্দেশে জজ মিয়া একটি দল নিয়ে বিশ্বম্ভরপুর উপজেলার কৃষ্ণনগরে অবস্থান নেন। তিনি ছিলেন দলনেতা। বিশ্বম্ভরপুরে তাদের কোন যুদ্ধে অংশ নিতে হয়নি। তবে স্থানীয় দালাল-রাজাকার ও কুচক্রীদের রোষানল থেকে বিশ্বম্ভরপুর বাজারকে তারা লুটের হাত থেকে রক্ষা করেছিলেন। তখন প্রায়সই পাঞ্জাবি আসছে এমন ধুয়ো তুলে কুচক্রিরা বাজার লুট করার চেষ্টা করত। কৃষ্ণনগরে প্রায় ১৫ দিন অবস্থান করার পর একদিন তিনি মেজর সালাহ উদ্দিনের একটি জরুরি ম্যাসেজ পান। ম্যাসেজটি নিয়ে যান মুক্তিবাহিনীর রানার জগাইর গাওর নজির মিয়া। ম্যাসেজে নির্দেশনা ছিলÑ অতি জরুরি ভিত্তিতে তখনকার বালাট সাবসেক্টর হেডকোয়ার্টার গাইজ্যার বিলে চলে যাওয়ার। নির্দেশ মোতাবেক তৎক্ষণাৎ সদলে রওয়ানা হয়ে রাত দুইটায় হেডকোয়ার্টার পৌঁছান জজ মিয়া।
পরদিন সকালে মেজর সালাউদ্দিন তাদেরকে একটি ম্যাপ দেখিয়ে বললেন, পাকবাহিনী লালঘর অতিক্রম করে ফেনিবিল পর্যন্ত চলে এসেছে। তোমরা ওখানে যেয়ে ওদের প্রতিরোধ কর। নির্দেশ পেয়ে একটি গ্রুপের নেতৃেৃতর কঠিন দায়িত্ব কাঁধে নিয়ে রওয়ানা হন জজ মিয়া। তিনি সহযোদ্ধাদের ডলুরা নদীর পূর্বপাড় থেকে গুদিগাঁও ঘেষে মোগাইরপাড় গারো বস্তির উপর দিয়ে নারায়ণতলা মিশন পর্যন্ত বিভিন্ন স্পটে মোতায়েন করেন। নিজে একজন সঙ্গীসহ চলে যান বর্তমান চৌমোহনী বাজারের কাছে। তার সঙ্গীটি ছিলেন দোয়ারাবাজর উপজেলার বোগলার আছমত আলী। প্রতিটি পয়েন্টে মোতায়েনকৃত সহযোদ্ধাদের বলে যান যে, শত্রুদের অবস্থান লক্ষ্য করে তিনি ফায়ার করবেন। ওই ফায়ারের জবাবে যদি প্রতিপক্ষের তরফ থেকে পালটা ফায়ার করা হয় তখন  যেন সহযোদ্ধারা ফায়ার অপেন করে। এরমধ্যে তিনি ক্রলিং করে তাদের কাছে চলে আসবেন। জজ মিয়া অগ্রসর হয়েও পাকবাহিনির কোন অস্তিত্ব আবিষ্কার করতে পারেননি।  তিনি বর্তমান চৌমোহনী বাজারের কাছে গিয়ে গুদির গাঁওর দিকে গুলি ছুঁড়েন। কিন্তু পালটা কোন ফায়ার আর আসে না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে জজ মিয়া সাথীসহ সামনে অগ্রসর হন। আমপাড়া গিয়ে পাকবাহিনির একটি পরিত্যক্ত বাংকার পান। বাংকারে একটি নকশিকাঁথা পড়ে ছিল। ফিরে আসেন জজ মিয়া, হাতে সেই নকশিকাঁথা। এই কাঁথা কোন বাঙালি বঁধূর হাতের শিল্পীত ছুঁয়া লাগা ছিলো সেটি জানার কোন উপায় নেই তখন।
জজ মিয়া স্মৃতিচারণ করছিলেন ইসলামপুর যুদ্ধের। তিনি বলছিলেন, নভেম্বরে ইসলামপুরের কাছে কোন ধরনের পূর্বপরিকল্পনা ছাড়াই পাকবাহিনির সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে ওই এলাকায় অবস্থানরত মুক্তিযোদ্ধারা। সুরমা ইউনিয়নের ষোলঘরে অবস্থান নেয়া পাক বাহিনির একটি দল চিনাউড়া-ইসলামপুর গ্রামে অবস্থানরত মুক্তিযোদ্ধাদের অবস্থান লক্ষ করে এগোতে থাকে। টের পেয়ে মুক্তিযোদ্ধারাও পাকবাহিনিকে প্রতিরোধ করার জন্য অগ্রসর হতে থাকে। দুই পক্ষে তুমুল লড়াই শুরু হয়। পুরো দিন চলে উভয় পক্ষের গুলি বিনিময়। এখানে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা শহীদ ও আহত হন। কিছু পাক আর্মিও নিহত হয়। এক পর্যায়ে ওই যুদ্ধে পাকবাহিনীর ঘেরের মধ্যে পড়ে যান জজ মিয়া। তিনি রুলিং করে কোনরকমে পালিয়ে আসতে সক্ষম হন। ইসলামপুরের ওই যুদ্ধেই সুনামগঞ্জের অসম সাহসী বীর মুক্তিযোদ্ধা তালেব হোসের পাক বাহিনির হাতে ধরা পড়েছিলেন।  
‘সি’ কোম্পানিতে থাকাকালীন একটি মজার অভিজ্ঞতার কথা বললেন জজ মিয়া। ৫ নং সেক্টরের কমান্ডার তৎকালীন কর্নেল মীর শওকত আলী বালাট সাবসেক্টর থেকে ‘সি’ কোম্পানি পরিদর্শনে আসছিলেন। ‘সি’ কোম্পানির নিকটবর্তী নদীর পাড়ের একটি বাংকারে সেন্ট্রির দায়িত্বে ছিলেন জজ মিয়া। ধলাই নদীতে পাড়াপাড়ের জন্য মুক্তিযোদ্ধাদের একটি নৌকা থাকতো। দিনের ১০ টার দিকে নদীর পশ্চিম পাড়ে তিনজন মানুষকে দেখা গেল। তিনজনের একজন এই পাড়ে নোঙর করা নৌকাটি দিয়ে তাদেরকে পাড় করার জন্য ডাক দিলেন। শব্দ শুনেই বাংকারের সেন্ট্রি জজ মিয়া হ্যান্ডস আপ বলে চ্যালেঞ্জ করে উঠেন। মীর শওকত সাথে সাথে সঙ্গীসহ হ্যান্ডস আপ করেন। তখন জজ মিয়া পাসওয়ার্ড জানতে চান। মীর শওকত পাসওয়ার্ড বললেন। জজ মিয়া চেকওয়ার্ড বললেন। এভাবে উভয়ে উভয়ের পরিচয় নিশ্চিত হওয়ার পর মীর শওকতকে নৌকায় করে এপাড়ে আনা হয়। উল্লেখ্য মীর শওকতের ‘সি’ কোম্পানিতে আসার খবর জজ মিয়া তার কমান্ডারের মাধ্যমে আগেই জেনেছিলেন। কিন্তু যুদ্ধের নিয়ম অনুসারেই নিরাপত্তার স্বার্থে এরকমটি করতে হয়েছিল বলে জানালেন তিনি। জজ মিয়ার বাংকারের প্রায় দেড় শ’ ফুট পূর্বদিকের একটি বাংকারে তখন মালেক পীর সেন্ট্রির দায়িত্ব পালন করছিলেন। তিনিও এই ঘটনার সত্যতা নিশ্চিত করলেন।
জজ মিয়ার কাছ থেকে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ কৌশলের একটি বিশেষ ব্যবস্থা পরিখা খনন বিষয়ে চমৎকার তথ্য মিলল। মুক্তিযোদ্ধারা যেসব ডিফেন্স বাংকার তৈরি করেছিলেন মূল অবস্থানস্থল থেকে সেখানে যাওয়ার নিরাপদ ব্যবস্থা হিসাবে স্থানীয় মানুষের সহায়তায় তাঁরা তৈরি করেছিলেন বিস্তৃত পরিখা। এসব পরিখা ছিলো মানুষের গলা সমান গভীর ও একজন মানুষ স্বাচ্ছন্দে চলাচল করতে পারে এমন প্রস্থবিশিষ্ট। এমন একটি পরিখার কথা তিনি আমাদের বললেন। বাঘমারা ফয়েজ আলী মেম্বারের বাড়ি থেকে নলুয়ার হরজা মোড়লের বাড়ি পর্যন্ত বিস্তৃত ছিল এটি। মূল পরিখার সাথে প্রতিটি বাংকারের সংযোগ পরিখাও খনন করা হয়েছিল।
ইতোমধ্যে সুনামগঞ্জ মুক্ত হয়ে যায়। ৬ ডিসেম্বর অপরাপর বিজয়ী য্দ্ধোা দলের মতো জজ মিয়াও প্রবেশ করেন মুক্ত সুনামগঞ্জে।
যুদ্ধ শেষ। জজ মিয়ার যোদ্ধার দায়িত্বও শেষ। অস্ত্র সমর্পনের পর ফিরে গেলেন আপন জগতে। ১৯৭২ সনে ইন্টারমিডিয়েট পাস করেন। ডিগ্রি ভর্তি হয়েছিলেন ভৈরব আসমত মহাবিদ্যালয়েই। কিন্তু পরীক্ষা আর দেয়া হয়নি। যোগ দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চাকুরিতে। পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে ২০১৪ সনে অবসর গ্রহণ করে এখন অবসর জীবন যাপন করছেন। তাঁর দুই স্ত্রী মনোয়ারা বেগম ও লুৎফা বেগম রীতা। প্রথম স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষয়ত্রী ছিলেন। দ্বিতীয় স্ত্রী ছিলেন পরিবার কল্যাণ সহকারী। উভয়েই বর্তমানে অবসরে। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে। মেয়ে মুক্তা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। অন্য মেয়ে মুনিয়া সিকদার জুই ঢাকা নটরডেম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে অধ্যয়নরত। বড় ছেলে আতিকুর রহমান সবুজ প্রাইমারি স্কুলের শিক্ষক। ছোট ছেলে আশিকুর রহমান উজ্জ্বল এমবিএ পাস করে এখন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। সুখের সংসারই জজ মিয়ার।
(প্রতিবেদনের যাবতীয় তথ্য ২৫ নভেম্বর ২০১৬ তারিখে ফেনিবিলের বাড়িতে মুক্তিযোদ্ধা জজ মিয়ার সাথে  আলোচনা থেকে প্রাপ্ত। এখানে অন্য কোন বই বা লেখার সহায়তা নেয়া হয়নি। ঘটনার তারিখ বা মাস ইচ্ছা করেই নির্দিষ্ট করা হয়নি যেহেতু এগুলো সঠিকভাবে চিহ্নিত করা কঠিন এবং জজ মিয়াও নিশ্চিত করতে পারছিলেন না। (চলবে)