কুমার সৌরভ
(পূর্ব প্রকাশের পর)
কিন্তু সমস্যা হলো মুক্তিযোদ্ধারা তখন কুপা গুলি করছিল। যেকোন সময় এর একটি বিঁধতে পারে তার শরীরে। মুক্তিযোদ্ধার গুলিতে মরতে চাইলেন না তিনি। আবার পিছিয়ে আসলেন। এবার আবার বাংকারের দিকে। কোনভাবে ষোলঘরের খোরশেদ মাষ্টারের বাড়িতে আসলেন। খোরশেদ মিয়া মুক্তি বাহিনীর পক্ষে গোপনে তথ্য সংগ্রহের দায়িত্বে নিয়োজিত ছিলেন। খোরশেদ মিয়াকে ডেকে পানি খেলেন তিনি। জিজ্ঞাসা করলেন পালাানোর পথ কোনদিকে সুবিধা হবে। একটি পথ দেখিয়ে দিলেন খোরশেদ মিয়া। কর্দমাক্ত হালট। সেই হালট দিয়েই নিরাপদে ফিরে যান মুক্তিযোদ্ধাদের অবস্থানে। ততক্ষণে ভোরের সূর্য ফুটে উঠেছে পূবের আকাশে। একটি ঘটনাবহুল যুদ্ধরজনী শেষে ভোরের সূর্য যেন বিজয়ী মুক্তিযোদ্ধাদের স্বাগত জানাতে একটু বেশি লাল হয়েছিলো সেদিন। ওদিকে ভ্রƒক্ষেপ নেই মালু মিয়ার। এখন তাঁর দরকার বিশ্রাম। ঘুম। গভীর প্রশান্তির ঘুম।
মীরেশ্বরপুর যুদ্ধে প্রথম আঘাতপ্রাপ্ত হন মালু মিয়া। পাকবাহিনির মর্টারের গোলার আঘাত লাগে বুকে। বালাট মুুিক্তযোদ্ধা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। ১০ দিন চিকিৎসা নিয়ে আবার ফিরে আসেন যুদ্ধের সদা রোমাঞ্চকর ময়দানে। ফিরলেন সি কোম্পানির হেডকোয়ার্টারে। ৪/৬ দিন ক্যাম্পেই অবস্থান করেন। কোন অপারেশন ছিল না। এরই মাঝে একদিন ষোলঘর ও বেরীগাওয়ের মাঝে দুই দিকে পাঞ্জাবি ও মুক্তিযোদ্ধাদের মধ্যে গুলাগুলি শুরু হয়। ঘুমিয়ে ছিলেন মালু মিয়া ক্যাম্পে। ডেকে তুললেন কমান্ডার এনাম চৌধুরী। জিজ্ঞেস করলেন গুলাগুলির আওয়াজ পাচ্ছেন কি না। মালু মিয়া বললেন, পাচ্ছি তো। এনাম চৌধুরী তৎক্ষণাৎ তাকে ওই যুদ্ধে যাওয়ার নির্দেশ দিলেন। যুদ্ধক্ষেত্রে কমান্ডারের নির্দেশই শেষ কথা। উঠে বসলেন মালু মিয়া। সামান্য সময়ে প্রস্তুত হয়ে ১৩ জন মুক্তিযোদ্ধাসহ রওয়ানা হলেন । মুক্তিযোদ্ধাদের তৈরি করা পরিখা দিয়ে লাইন ধরে অগ্রসর হচ্ছিলেন তাঁরা। লাইনের সামনে দশ জন। পিছনে মালু মিয়া, মজলিশ ও আব্দুর রশিদ। মোগাই গাঙের পাড়ে একটি বাঁশ ঝাড় ছিল। ঝাড়ের নীচের মাটি সরে গিয়ে নদীর পানির উপরে ভাসছিল। ওখানেই অবস্থান করছিল এক পাক আর্মি। খেয়াল করেননি মুক্তিযোদ্ধা দল। সামনের দশ জনের মুক্তিযোদ্ধা দল নির্বিঘেœই বাঁশ ঝাড় পেরিয়ে গেল। মালু মিয়াও বাঁশ ঝাড় পার হয়ে কয়েক ফুট এগিয়ে গেছেন। এমন সময় প্রচ- আঘাত আসে তার হাঁটুর উপরে। বাঁশ ঝাড়ের পাক আর্মিটি দেখে ফেলেছিলো তাকে। রাইফেলের ব্যারেল দিয়ে প্রচ- শক্তিতে আঘাত করে। মাটিতে পড়ে যান মালু মিয়া। তার বগলে তখনও এসএমজি। গুলি লোড করা। আঙুল ব্যারেলে। মাটিতে লুটিয়ে পড়তেই পাক আর্মিটি ঝাঁপিয়ে পড়ে তার উপর। সম্ভবত তার উদ্দেশ্য ছিলো মালু মিয়াকে জীবিত পাকরাও করে নিয়ে গিয়ে তথ্য আদ্য়া করা। তাই সরাসরি গুলি করেনি। পাক আর্মিটি তার উপরে ঝাঁপিয়ে পড়তেই মালু মিয়া ট্রিগার টিপে দিলেন। এক ম্যাগাজিন গুলি বেরিয়ে আসল ওই পাক আর্মির বুক বরাবর। পাকিস্তানি সৈন্যটি লুটিয়ে পড়ল মালু মিয়ারই শরীরের উপরে। নিথর হয়ে গেছে সে। এক ঝটকায় লাশটি সরিয়ে দৌঁড় দিলেন মালু মিয়া। ধান খেতে গিয়ে থামলেন। ক্রলিং করে সামনে এগুতে চাইলেন। এসময় পাক আর্মির মর্টারের গোলা আঘাত হানে তার বাম উরুতে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সহযোদ্ধা সোনা মিয়া ও আব্দুর রশিদ কাঁধে করে কোনমতে তাকে নিয়ে আসেন লালপানি বাজারে। সেখানে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। কয়েকদিন পর সি কোম্পানির হেডকোয়ার্টারে আবারও ফিরে আসেন দ্বিতীয়বার মৃত্যুর মুখ থেকে রক্ষা পেয়ে।
অত:পর মালু মিয়াকে দিরাই অঞ্চলে পোস্টিং করা হয়। মালু মিয়া চলে আসেন যুদ্ধের নতুন ময়দানে। ততদিনে ভারতীয় বাহিনির আকাশ আক্রমণ শুরু হয়ে গেছে। বিপর্যস্থ কোণঠাসা পাকিস্তানি বাহিনি বুঝে নিয়েছে পরাজয় অত্যাসন্ন্। দিরাই থেকেই মালু মিয়া খবর পেলেন ৬ ডিসেম্বর পাক বাহিনি সুনামগঞ্জ ছেড়ে গেছে। সুনামগঞ্জ মুক্ত হওয়ার পর সি কোম্পানির হেড কোয়ার্টার পাগলা বাজারের ডাকবাংলোয় সরিয়ে আনেন ক্যাপ্টেন এনাম চৌধুরী। মালু মিয়ারা পাগলা বাজারে এসে রিপোর্ট করলেন। স্বাধীন দেশে। বিজয়ী যুদ্ধা হিসাবে বিজয়ী অধিনায়কের কাছে।
এই হলো আমাদের অসীম সাহসী মুক্তিযোদ্ধা মালু মিয়ার রোমাঞ্চকর যুদ্ধজীবনের সংক্ষিপ্ত বয়ান। মালু মিয়া এখন বয়সের ভারে ঠিক মতো চলাফেরা করতে পারেন না। হাতে লাঠি নিয়ে কোনভাবে চলেন। খুব স্বচ্ছল নয় তাঁর বর্তমান জীবন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে যে ভাতা পান সরকার থেকে তাই তাঁর সংসার চালানোর প্রধান সম্বল এখন। আশ্চর্যের ও দুঃখজনক সত্য হলো স্বাধীন বাংলাদেশে এক সময় এই যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ভাতা কেড়ে নেয়া হয়। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সাধারণ মুক্তিযোদ্ধাদের চাইতে একটু বেশি সম্মানী দেয়া হতো। বেশ অনেক বছর বন্ধ থাকে এই ভাতা। সারা দেশে অনেক যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ভাতা তখন ছেটে ফেলা হয়েছিলো। এই সময়েই খসরু ভাইর সাথে তাঁর দেখা হয়। খসরু ভাই আগে থেকে চিনতেন না তাঁকে। কারণ মালু মিয়া বালাট সাবসেক্টরে আর খসরু ভাই বাঁশতলা সাবসেক্টরে ছিলেন। খসরু ভাইকে মালু মিয়া পুরো বিষয়টি খুলে বললেন। খসরু ভাই কাগজপত্র দেখে নিশ্চিত হলেন আসলেই তিনি যুদ্ধাহত। সি কোম্পানির কমান্ডার এনামুল হক চৌধুরীও বিষয়টি নিশ্চিত করে মালু মিয়াকে সহায়তা করতে খসরু ভাইকে অনুরোধ করেন। খসরু ভাই আইনি পথেই অগ্রসর হতে চাইলেন। সব ধরনের সহযোগিতা দিয়ে তিনি মালু মিয়ার পক্ষে হাইকোর্টে রিট পিটিশন সাবমিট করালেন। এধরনের অনেকগুলো রিট তখন হাইকোর্টে অপেক্ষমাণ ছিলো। সবগুলো রিট এক শুনানিতে নিষ্পত্তি করলেন হাইকোর্ট। রায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পক্ষে গেল। অবশ্য আইনি এই প্রক্রিয়া শেষ হতে সাত/আট বছর লেগে যায়। বকেয়া পুরো ভাতা পেলেন মালু মিয়া।
মালু মিয়ার শক্ত ও সাহসী জীবনের অন্য আরেক প্রান্তে অবস্থান এক শিল্পীত মনের। সেখানে সুর খেলা করে উদাসী বাতাসের মতো। সেখানে বঙ্গবন্ধুর প্রতি অনিঃশেষ ভালবাসার এক বহমান মধু সমীরণ। খোঁজ পাই আমরা আলাপে। তিনি কোন এক প্রসঙ্গে আবেগে আপ্লুত হয়ে আমাদেরকে শোনালেন নিজের লেখা এই গানটি। যার ছত্রে ছত্রে মুক্তিযুদ্ধের কথা বঙ্গবন্ধুর কথা উঠে এসেছে অদ্ভূত সারল্যে। তিনি আপন মনে গাইলেন পুরো গানটি। আমরা তন্ময় হয়ে শুনলাম বয়সী শিল্পীর কণ্ঠে একেবারে নির্ভুল উচ্চারণে পতনহীন সুরে গাওয়া একটি গণসঙ্গীত। যে মালু মিয়া কথা বলার সময় আঞ্চলিক টান ছাড়তে পারেন না সেই মালু মিয়াই গান গাইবার সময় প্রমিত উচ্চারণরীতি কীভাবে অবলীলায় অনুসরণ করতে পারলেন তা ভেবে আমরা আশ্চর্য হই। এই মালু মিয়া যেন রাইফেল কিংবা গ্রেনেড হাতে দুর্ধর্ষ কোন যোদ্ধা নন। তিনি নিতান্তই এই আলো-হাওয়া আর কাদামাটিতে বেড়ে উঠা এক মরমী মনের গণসঙ্গীত শিল্পী। পরম শ্রদ্ধায় আমাদের মাথা নুয়ে আসলো। তাঁর গাওয়া গানটি হুবুহু নীচে উদ্ধৃত করা হলো।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর বলেন সুনামগঞ্জে
যার যারও হাতিয়ার নিয়া দাঁড়াও বিপ্লব করিতে
আইলরে পাঞ্জাবি বাংলাতে।।
আইল রে পাঞ্জাবি দল রাজাকারও সাথে
মা বইনেরও ইজ্জত কাড়ি সব নিলো ভাই লুটিয়ে।।
আলবদরও সাথে সাথে আগুন লাগায় ঘরে
যত আছে মাল সাবানা সবই নিল ভাই লুটিয়ে।।
দোষ করেছেন জাতির পিতা
বিচার করেন তাকে
কোন আইনেতে কোন দলিলে মারও শিশু হইতে।।
সবে বলে জাতির পিতা
আসিলরে ঘরে
মালু মিয়ায় কয় ভাবিয়া
বুক ভাসায় নয়ন জলে।।
ব্যক্তিগত জীবনে মালু মিয়া ৪ ছেলে আর ২ কন্যা সন্তানের জনক।
আলাপ যখন শেষ তখন রাত সাড়ে নয়টা বেজে গেছে। তাঁকে ফিরতে হবে বাড়িতে। বালিকান্দা। লাঠি ঠুক ঠুক করে দৈনিক সুনামগঞ্জের খবরের তিন তলা থেকে ছেলের হাত ধরে নামছেন তিনি। আমরা তাকিয়ে আছি এক চলন্ত ইতিহাসের দিকে। বাংলাদেশের জন্মের ইতিহাস।
(০১.১২.২০১৬ খ্রি. তারিখে দৈনিক সুনামগঞ্জের খবর অফিসে মুক্তিযোদ্ধা মালু মিয়ার সাথে আলাপচারিতায় প্রাপ্ত তথ্যই এই প্রতিবেদনের তথ্য উৎস। অন্যকোন উৎস বা পুস্তক থেকে সহায়তা নেয়া হয়নি।)


