কুমার সৌরভ
(পূর্ব প্রকাশের পর)
প্রতিবাদ, প্রতিরোধ আর দেশপ্রেমের এক নতুন রূপ দেখা গেল তখন। সাধন দা আমাদের বলছিলেন, সেদিনের সেই চেতনার কথা বলে বুঝানোর নয়। বর্তমান প্রজন্ম বুঝবে না, কী এক আকর্ষণে মানুষ জীবনকে তুচ্ছ করে মৃত্যুকে ভৃত্য করে রাজপথে নেমে এসেছিলো। মানুষ আসছে শহরের ছাত্রাবাসগুলো থেকে, বিভিন্ন মহল্লা থেকে, পার্শ্ববর্তী গ্রাম থেকে, নদীর উত্তর পাড় থেকে। দলে দলে। হাজারে হাজারে। আগেই শহরের ও শহরের বাইরের প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও মোজাহিদ বাহিনির বহু লোক রাজনৈতিক নেতৃত্বের আহ্বানে শত্রুকে সশস্ত্র ভাবে মোকাবিলার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। ট্রেজারি থেকে রাইফেল ও গোলাবারুদ এনে আনসার-মোজাহিদদের মধ্যে বণ্টন করে দেয়া হয়েছিল। প্রশিক্ষণপ্রাপ্ত রাইফেলধারী সেই আনসার মোজাহিদরাও সেদিন শহরে প্রবেশ করলেন রণসাজে। এমন বিদ্রোহ কখনও দেখেনি সুনামগঞ্জবাসী। প্রতিবাদের এতো তেজ আগে প্রত্যক্ষ করে নি বাঙালি। বাঙালির এই তেজ দেখে ভীত বিহ্বল হয়ে পড়ে শহরে প্রবেশ করা পাকবাহিনির সদস্যরা। তারা সার্কিট হাউসে অবস্থান নিয়ে বসে থাকে। ২৮ তারিখ সকাল থেকেই রুদ্ররোষে ফেটে পড়া নিরস্ত্র ও সশস্ত্র জনতার লক্ষস্থলে পরিণত হয় পুরাতন সার্কিট হাউস। ওইখানে থাকা শত্রুর দল। কিন্তু সুনিপুণ প্রশিক্ষণপ্রাপ্ত পাক হানাদারের ১১ সদস্যকে তাদের বাঙালি ক্যাপ্টেন মাহবুবসহ নির্মূল করা সম্ভব হয় নি বাঙালি প্রতিরোধকারীদের পক্ষে। তবে সার্কিট হাউসের সুরক্ষিত অবস্থান ত্যাগ করে আসলে তারা যে জনতার পায়ের তলে পিষ্ট হয়েই প্রাণ হারাত তা ছিল দিবালোকের মতো সত্য। কাপুরুষের মতো লুকিয়ে গুলি করতে থাকে তারা প্রতিরোধকারীদের লক্ষ্য করে। শহীদ হন রিক্সাচালক গনেশ ও আনসার কমান্ডার আবুল হোসেন। থাকা মানে বিদ্রোহী বাঙালির হাতে নিশ্চিত মৃত্যু বুঝে ২৮ মার্চ বৃষ্টি ও ঝঞ্ঝাবিক্ষুব্ধ রাতের প্রাকৃতিক প্রতিকূলতাকে কাজে লাগিয়ে ইদুরের মতো শহর ছেড়ে পলায়ন করে ক্যাপ্টেন মাহবুব দলসমেত সঙ্গীয় আহত দুইজনকে ফেলে রেখেই। শেষ হয় প্রতিরোধপর্বের উত্তাল দেড়দিন।
এদিকে পাক বাহিনির আক্রমণে দলে দলে মানুষ জন বাসা বাড়ি ছেড়ে মূল্যবান জিনিসপত্র রেখে শুধু প্রাণ নিয়ে শহর ছাড়তে শুরু করেন। সাধন ভদ্র তার ঘনিষ্ট বন্ধু আতম সালেহ, শামছুল হক (ইব্রাহিমপুর), সাব্বির আহমদ মিনু, লিয়াকত আলী সহ এসময়ে রাতের বেলা থাকতেন দেওয়ান মোসাদ্দেক রাজা চৌধুরীর বাসায়। এসময় রাজনৈতিক নেতৃবৃন্দের আহ্বানে সীমান্ত রক্ষী বাহিনির কিছু সদস্য বিভিন্ন সীমান্ত থেকে শহরে আসা শুরু করলেন। বিভিন্ন এলাকা থেকে আসতে থাকেন আনসার মোজাহিদ বাহিনির লোকজনও। তাদের থাকা-খাওয়ার জন্য যে স্বেচ্ছাসেবকরা তখন শহরে কাজ করতেন তাঁদের অন্যতম সাধন ভদ্র। দিনে এইসব কাজ আর রাতে মোসাদ্দেক রাজার বাসায় ঘুমানো। এইভাবেই চলল বেশ কিছু দিন। মে মাসে পাক বাহিনি যখন পূর্ণ শক্তি নিয়ে শহরে প্রবেশ করল তখন আর এখানে থাকা নিরাপদ মনে করলেন না তারা। শহর ছাড়লেন। সেদিনের কথা এখনও তাঁর মনে উজ্জ্বল। তিনি বলছিলেন, আমরা ঘুমিয়ে ছিলাম মোছাদ্দেক রাজার বাসায়। ভোরের দিকে আওয়ামী লীগ নেতা আলিমাবাগের আবু মিয়া ডেকে আমাদেরকে ঘুম থেকে তুললেন। বললেন, শহরে পাক আর্মি এসেছে। তোমরা দ্রুত পলায়ন কর।
তৎক্ষনাৎ তাঁরা শহর ছাড়লেন। কোথায় যাবেন ? স্থির হলো সাধন ভদ্রের গ্রামের বাড়ি ব্রাহ্মণগাঁওই যাবেন। মূল সড়ক এড়িয়ে হেঁটে হেঁটে তারা ব্রাহ্মণগাঁও চলে গেলেন। বাড়ি গিয়ে দেখা গেল সেখানে দুই কামলা ছাড়া আর কেউ নেই। কোনমতে ওখানে চারটি ভাত খেয়ে দুপুরের আগেই নদী পেরোলেন। এবার গন্তব্য সীমান্তবর্তী আশাউড়া। আবারও হাঁটা শুরু। সন্ধ্যায় পৌঁছালেন আশাউড়া। প্রথমে উঠলেন হেকিম মিয়ার বাড়িতে। সেখানে দেখা হলো শহরের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা সৈয়দ দেলোয়ার হোসেনের সাথে। তিনিও তখন সীমান্ত পেরিয়ে বালাট যাওয়ার প্রতীক্ষায়। যাহোক রাতে সাধন ভদ্র সঙ্গী বন্ধুদের নিয়ে রাত্রি যাপন করলেন কালি বাবুর বাড়িতে। কালি বাবু যথেষ্ট আদর আপ্যায়ন করলেন শহর ছাড়া এই তরুণ দলকে।
পরদিন সকালে চা খেয়েই বালাটের উদ্দেশ্যে যাত্রা শুরু। ৩ ঘণ্টা হেঁটে বালাট পৌঁছালেন তাঁরা। বালাটে অবস্থানরত নেতৃবৃন্দের সাথে দেখা সাক্ষাৎ হলো। শরণার্থী শিবিরে থাকার ব্যবস্থা হলো। রেশন কার্ড নিলেন। বরাদ্দকৃত ঘরে রেশনে পাওয়া খাদ্যসামগ্রী নিজেরাই রান্না করে খাওয়া-দাওয়া, শুরু হলো তাঁদের প্রবাস-শরণার্থী জীবন। তেমন কোন কাজ নেই। ঘোরাফেরা, রান্নাবান্না, পরিচিত নেতৃবৃন্দ ও মানুষের সাথে দেখা করা আর ঘুমানো। এই নিরামিষ জীবন তাঁদের ধাতে সহ্য হওয়ার নয়। মুক্তিযুদ্ধ সংগঠক বর্তমান মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সুনামগঞ্জের হুসেন বখত, আলফাত উদ্দিন আহমদ, আছদ্দর মিয়া তখন বালাটে। তাঁদের সাথে দেখা করে কিছু একটা করার তাগিদ দিতে লাগলেন। নেতৃবৃন্দ আশ্বস্থ করলেন, চিন্তা করো না, ভারতীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চলছে। কয়েকদিনের মধ্যেই খবর পেয়ে যাবে।
ভারতীয় কর্তৃপক্ষ যখন গেরিলা প্রশিক্ষণের ব্যবস্থা করলেন তখন প্রথম সুযোগটিই সাধন ভদ্র ও তাঁর বন্ধুরা গ্রহণ করলেন। একদিন বালাট ছাড়লেন প্রশিক্ষণ গ্রহণ করার উদ্দেশ্যে। ট্রেনিং হবে ইকো ওয়ান নামের আড়ালে গহীন পাহাড়-জঙ্গলবেষ্টিত কোন এক অজানা গন্তব্যে। রোমাঞ্চে শিহরিত হলেন তাঁরা। পাহাড়ী দুর্গম কষ্টসাধ্য পথ পেরিয়ে তাঁদের বহনকারী গাড়ি একদিন পৌঁছেও গেলো সেই অজানা ট্রেনিং ক্যাম্পে। প্রথম ব্যাচের ওই দলে সুনামগঞ্জ কিশোরগঞ্জ সিলেট ও ছাতকের প্রায় ১৫০ জনের মতো ছিলেন। সবে মাত্র স্থানটি ট্রেনিংয়ের জন্য বাছাই করা হয়েছে। দুই একটি স্থাপনা ভিন্ন এখানে আর কিছু নেই। ইন্ডিয়ান আর্মি প্রশিক্ষণার্থী মুক্তিযোদ্ধাদের দিয়েই বনজঙ্গল সাফসুতরো করিয়ে নিলেন। শুরু হলো ২৮ দিনের গেরিলা ট্রেনিং। ট্রেনিংয়ের শেষ দিকে আয়োজন করা হয় ডামি যুদ্ধের। এক পক্ষ পাক আর্মি অন্য পক্ষ মুক্তি বাহিনি। পাক বাহিনির কমান্ডার হলেন সাধন ভদ্র অপরদিকে মুক্তি বাহিনির কমান্ডার সিলেটের নিজাম উদ্দিন লস্কর। কনিষ্ট মালেক পীর পেলেন মুক্তি যোদ্ধাদের পক্ষ হয়ে রেকি করার দায়িত্ব। বলাই বাহুল্য মালেক পীর রেকি করতে গিয়ে নিজেকে গোপন রাখতে পারেন নি। ধরা পড়ে গেলেন সাধন ভদ্রের দলের হাতে। যা হোক প্রশিক্ষণ শেষে আসল শপথ গ্রহণের পালা। ভারতীয় আর্মির পক্ষে শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেনারেল গুরবখস সিং গিলে। বাংলাদেশ সরকারের পক্ষে ওখানে উপস্থিত ছিলেন তরুণ ও সপ্রতিভ এমপিএ সুরঞ্জিত সেনগুপ্ত। শপথ অনুষ্ঠানে জেনারেল গিলের বক্তব্য বাংলায় তরজমা করে শুনিয়েছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। সাধন ভদ্র টেনিংয়ের বিষয়ে বলছিলেন, ওখানে আমাদের গেরিলা কায়দা-কানুন ও অস্ত্র গোলাবারুদের ব্যবহার, কষ্ট সহ্য করা এমন সব বিষয়ের সাথে যুদ্ধক্ষেত্রে কঠোর গোপনীয়তা রক্ষার নিয়ম শিখিয়ে দেয়া হয়েছিল। প্রশিক্ষণে বলা হয়েছিল, যুদ্ধক্ষেত্রে যদি দেখ তোমার কোন সহযোদ্ধা এমন গুরুতর আহত হয়েছে যে তার আর বাঁচার সম্ভাবনা নেই কিংবা তাকে নিয়ে পালানোর সুযোগ নেই তাহলে তাকে শ্যুট করে মেরে ফেল নিজেরাই। (চলবে)


