এক খুঁটি স্থানান্তরে ৬০ হাজার টাকা! কাজে আসেনি অর্থ প্রতিমন্ত্রীর সুপারিশও

আকরাম উদ্দিন
পল্লীবিদ্যুতের একটি খুঁটি স্থানান্তর করতে কর্তৃপক্ষ ৬০ হাজার টাকা দাবি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়ে অর্থ প্রতিমন্ত্রী ও জেলা পরিষদ প্রশাসকের সুপারিশও মানা হচ্ছে না বলে অভিযোগ করেছেন গ্রাহক হাবিবুর রহমান।
পল্লী বিদ্যুতের একটি আবাসিক খুঁটি থেকে অতিরিক্ত সংযোগ এবং মেইন লাইন টেনে নেয়ায় বিপাকে পড়েছেন বাড়ির মালিক হাবিবুর রহমানসহ এলাকাবাসী। গ্রাহকরা ধর্ণা দিচ্ছেন পল্লী বিদ্যুৎ অফিসে।
মঙ্গলবার সকালেও হাবিবুর রহমান পল্লীবিদ্যুৎ অফিসে গিয়ে দায়িত্বশীলদের সঙ্গে কথা বললে, তারা তাকে খুঁটি সরাতে ৬০ হাজার খরচ লাগবে বলে জানিয়েছেন বলে এ প্রতিবেদককে জানান হাবিবুর রহমান। হাবিবুর রহমান বলেন, ‘এই বিষয়ে গত বছরের ১ নভেম্বর অর্থ প্রতিমন্ত্রী এম.এ মান্নান ও জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম. এনামুল কবীর ইমনের সুপারিশসহ আবেদন করা হয়। আমি ২০১৩ সালে অফিসের নিয়ম অনুযায়ী ৫’শ টাকা জমা দিয়েছি। পরে ২০১৫ সালে আবারও ১ হাজার ৫’শ টাকা জমা দেই। কিন্তু আমার কাজ এখনও হচ্ছে না। এখন আবার জিএম জানান ৬০ হাজার টাকা লাগবে।’
এর আগে রবিবার সকালে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের মদনপুর গ্রামে গিয়ে জানা যায়, ২০০৮ সালে এলাকার হাবিবুর রহমানের বাড়িতে বিদ্যুতের সংযোগ দিতে আবাসিক খুঁটি স্থাপন করেন পল্লীবিদ্যুতের লোকজন। পরে পল্লীবিদ্যুতের লোকজন এই খুঁটি থেকেই শুরু করেন আশপাশের বাড়িতে বিদ্যুতের সংযোগ দেয়া। পর্যায়ক্রমে তেরটি পরিবারের সংযোগ টেনে দেন তারা। এতে বিপাকে পড়েন হাবিবুর রহমানের বাড়ির লোকজন ও অন্যান্য গ্রাহকগণ।
হাবিবুর রহমান জানান, তিনি তার নিজস্ব জমিতে গৃহ নির্মাণ করতে পারছেন না। এখনও তার দুয়েকটি ঘর অর্ধেক নির্মাণ করে রেখে দিয়েছেন। এমন সমস্যায় থাকায় বাড়ির ভেতরে প্রায় ৬ বছর যাবত ঘর নির্মাণ করতে পারছেন না তিনি। ঐ আবাসিক খুঁটি থেকে একটি মেইন লাইনের তারও টেনে নেওয়া হয়েছে। এই কারণে মারাত্মক ঝুঁকিতে বসবাস করছেন তারা। হাবিবুর রহমানের ঘরের ছাদে ঝুঁলে  আছে মেইন লাইনের তারসহ আবাসিক লাইনের অসংখ্য তার। ঘরের দু’তলার দরজা খুলে বাইরে বের হতে সামান্য অসর্তকতায় ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। এই বিষয়টি কয়েক বার পল্লীবিদ্যুৎ অফিসকে জানানো হয়েছে। কিন্তু কর্ণপাত করেননি তারা।
পাশের বাড়ির নজরুল ইসলাম জানান, তিনিও বসতঘরের নির্মাণ কাজ করতে পারছেন না। অর্ধেক কাজ করে তিনি এখন ঝুঁকিতে আছেন। টিনের চালে ঝুঁলে আছে মেইন তার। অসাবধানতায় হাত উপরে উঠে গেলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এখন মেইন তারও শর্ট হয়েছে। তারে কাক বসলে মরে যায়। একাধিক বার পল্লীবিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হয়েছে। কিন্তু এখনও বিষয়টির সমাধান হয়নি।
এলাকার লোকজন জানান, আবাসিক খুঁটি থেকে টেনে নেয়া মেইন লাইনের তার দীর্ঘদিন যাবত বিপদজনক হয়ে আছে। এই তারে বসা কাক বা পাখি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মরে যাওয়ার ঘটনাও ঘটেছে। তাছাড়া মেইন তারটি ঝুলে আছে গাছ-পালা ও ঘরের চালের উপর। এ কারণে বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশংকা বিদ্যমান।
গ্রাহকরা জানান, একটি আবাসিক খুঁটি থেকে তিন বাড়ির ১৩ পরিবারকে বিদ্যুৎ লাইন সংযোগ দিয়েছেন পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ। এই কারণে এই আবাসিক খুঁটিও ঝুঁকিতে আছে। টেনে নেয়া তার সবই এলোপাতাড়ি হয়ে ঝুঁলে আছে। যেকোনো সময় খুঁটি ভেংগে গিয়ে দুর্ঘটনা ঘটে যাওয়ার আশংকা আছে। মেইন লাইনের তার ও আবাসিক লাইনের তার সরিয়ে না নেওয়ায় ইতিমধ্যে বাড়ির কয়েকটি দালান ঘর তৈরির কাজও বন্ধ হয়ে আছে।
এলাকাবাসী জানান, এই লাইনটি যদি সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে দিয়ে টেনে নেয়া হতো তাহলে পুরো গ্রামবাসীর সমস্যা সমাধান হয়ে যেতো।
হাবিবুর রহমানের ঘরের পাশে আবাসিক কাঠের খুঁটি থেকে একই বাড়ির শহিদুর রহমান, মহিবুর রহমান, ইব্রাহীম আলী, আব্দুর রহিম, জহুর উদ্দিন বিদ্যুতের সংযোগ নেন। একই খুঁটি থেকে পশ্চিমের বাড়ির রহমত আলী, মছবর আলী ও হুশিয়ার আলীর ঘরে সংযোগ নেন এবং দক্ষিণের বাড়ির আপ্তা মিয়া, নুর মিয়া, নজরুল ইসলাম ও মিরাশ আলীর ঘরে সংযোগ নিয়েছেন। এই খুঁটি থেকেই মেইন লাইনের তাঁর টেনে নেয়া হয়েছে। এখন এসব গ্রাহকরা ও এলাকাবাসী নানা সমস্যায় ভুগছেন।
পল্লীবিদ্যুৎ অফিসের আবেদনকারী হাবিবুর রহমান বলেন, ‘আমি অফিসে একাধিকবার টাকা দিয়ে রশিদ নিয়েছি। এখন যদি একটি খুঁটি স্থানান্তর করতে ৬০ হাজার টাকা  দিতে হয় তবে সেটি হবে খুবই দুর্ভাগ্যজনক। আমি এর আগে দুই বার টাকা দিয়েছি। এই টাকাগুলো গেল কই? ।’
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সোহেল পারভেজ বলেন, ‘আমাদের কাছে আবেদন এসেছে খুঁটি স্থানান্তরের বিবরণ উল্লেখ করে। এতে নিয়ম অনুযায়ী কিছু ফিস লাগে, তা বলে দেয়া হয়েছে। কিছু সময়ও লাগবে। এখন যদি দুর্ঘটনা ঘটার আশংকা থাকে তাহলে বিষয়টি আমরা জরুরিভাবে দেখবো’। টাকা চাওয়ার বিষয়ে তিনি বলেন,‘টাকা আমার অফিস থেকে চাওয়া হয়েছে বলে আমি জানি না, টাকা চাইলে মুখে কেন বলবে, কাগজে-কলমে ডকুমেন্টারী বলতে হবে, যদি লাগে কাগজের মাধ্যমে চাওয়া হবে এবং তা সরকারী তহবিলেই যাবে, সরকারি ফিস অবশ্যই পরিশোধ করতে হবে’