এক পৌরসভায় ৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠান

বিজয় রায়, ছাতক
একের ভিতর তিন কিংবা একের ভিতর পাঁচ, এমন কথার সাথে কেউ অপরিচিত আছেন বলে মনে হয় না। কিন্তু একটি স্থানীয় সরকারের এলাকায় তিনটি পৃথক স্থানীয় সরকার কার্যালয়, যেখানে যুগ-যুগ ধরে চলে আসছে প্রশাসনিক কার্যক্রম, এমন ঘটনা হয়তো বিরল । দূরত্বও খুব একটা বেশী নয়। দুটি কার্যালয়ের দুরত্ব গজ-ফুটের হিসেবে প্রায় একশ ফুট। আর অন্যটির দূরত্বও প্রায় অর্ধ কিলোমিটার বেশী হবে না। পৌরসভা কার্যালয় ও দুইটি ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ এ তিনটি কার্যালয়ই অবস্থিত ছাতক পৌরশহরের অভ্যন্তরে।
ফলে ইউনিয়ন দুইটির সেবা গ্রহণকারী লোকজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রায় দেড় যুগ ধরে। বিষটি অসঙ্গতিপূর্ণ হওয়া সত্বেও ইউনিয়ন কার্যালয় দু’টি স্ব-স্ব স্থানে সরিয়ে নেয়ার কোন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না।
ছাতক শহরের অভিজাত এলাকায় অবস্থিত পৌরসভা কার্যালয়। পৌরসভা প্রতিষ্ঠার পর প্রথমে কোর্টরোড এলাকার একটি ভাড়াটে বাসায় পৌর প্রশাসনের কার্যক্রম শুরু হয় ।
পরে সুরমা নদীর তীরে অবস্থিত পাবলিক লাবব্রেরীতে পৌরপরিষদ স্থানান্তর করা হলে আজও এখানেই চলছে পৌরসভার যাবতীয় কার্যক্রম।
পৌরসভার প্রথম পরিষদের শাসনামলেই নিজস্ব ভূমিতে নতুন পৌরভবনের কাজ শুরু হয় আনুষ্ঠানিকভাবে। কিন্তু ভবন নির্মাণ কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগে আদালতে মামলার কারণে দীর্ঘ এক যুগেরও বেশী সময় ধরে ঝুলে আছে ভবনের কার্যক্রম। এদিকে বর্তমান পৌরসভা কার্যালয়ের প্রায় একশ ফুট দূরে রয়েছে ছাতক সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের অবস্থান।
শহরের বাগবাড়ী এলাকার চৌ-রাস্তার মোড়ে ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয় ছাতক সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়। তৎকালীন সময়ে ইউনিয়নের প্রায় মধ্যবর্তী স্থান ও যাতায়াত   সুবিধা বিবেচনায় পরিষদের কার্যালয় হিসেবে এ স্থানটি বেছে নেয়া হয়েছিল। পৌরসভা প্রতিষ্ঠার পর পৌরসভা ও ছাতক সদর ইউনিয়নের সীমানা নির্ধারিত হলেও ইউনিয়ন পরিষদের কার্যালয় দেড় যুগেও স্থানান্তর করা সম্ভব হয়নি। কালের ব্যবধানে ইউনিয়নের রাস্তাঘাটের আমূল পরিবর্তন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলেও ১৯৬০ সালে প্রতিষ্ঠিত ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কোন সংস্কার বা উন্নয়ন হয়নি। ইউনিয়ন পরিষদ থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে সদর ইউনিয়নের নিকটতম সীমানা। ফলে ইউনিয়নের সেবাভোগী মানুষকে সর্বনি¤œ আড়াই ও সর্বোচ্চ ৬ কিলোমিটার পথ মাড়িয়ে এসে পরিষদে সেবা গ্রহণ করতে হচ্ছে।
ছাতক সদর ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, ইউনিয়নের মাছুখালী ব্রীজ সংলগ্ন স্থানে ৫০শতক ভূমি পরিষদ কার্যালয়ের জন্য দান করেছেন মল্লিকপুর গ্রামের মকসুদ আলীর পুত্র সাদ মিয়া। ২০১৪ সালে ৯ এপ্রিল দলিল সম্পাদন করে দান করা হয়েছে পরিষদের নামে। শীঘ্রই এখানে সরকারী অর্থয়নে ভবন নির্মান করে পরিষদ নিজস্ব ভবনে উঠবে।
একইভাবে সুরমা নদীর উত্তরপার ছাতকের উত্তর সুরমা নামে পরিচিত নোয়ারাই ইউনিয়ন পরিষদ কার্যালয়টিও পৌরসভার অভ্যন্তরে অবস্থিত। ছাতক সদর ইউনিয়ন কার্যালয় প্রতিষ্ঠার প্রায় একই সময়ে ছাতক সিমেন্ট কারখানা সংলগ্ন একটি টিলার উপর প্রতিষ্ঠিত হয় নোয়ারাই ইউনিয়ন পরিষদ কার্যালয়। পৌরসভার সীমানা নির্ধারণের সময় নোয়ারাই ইউনিয়ন পরিষদ কার্যালয়টিও পৌরসভার অভ্যন্তরে পড়ে যায়। ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ইউনিয়নের প্রথম সীমানা অন্তত প্রায় এক কিলোমিটার দূর। সীমানা বিবেচনায় উপজেলার মধ্যে বৃহৎ ইউনিয়ন। যোগাযোগের ক্ষেত্রে বর্তমানে এ ইউনিয়নের অবস্থান বেশ উন্নত। কিন্তু সেবা গ্রহনে ইউনিয়নবাসীর দুর্ভোগ আগের মতোই রয়েছে। বর্তমানে ইউনিয়ন পরিষদের ভবনটি অত্যন্ত ঝূঁকিপূর্ন। ভবনজুরে সৃষ্টি হয়েছে বড়-বড় ফাটল। ২০০৭ সালে ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থাপনের জন্য ইউনিয়নের ছনখাইর গ্রামের মৃত জহুর আলীর পুত্র যুক্তরাজ্য প্রবাসী আসক আলী প্রায় ৬০ শতক ভূমি দান করেছিলেন। তৎকালীন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন ভবন নির্মাণের জন্য ওই ভূমিতে আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।  কিন্তু রাজনৈতিক পট পরিবর্তন ও মতবিরোধ থাকার কারণে এখানে একযুগেও ভবন নির্মাণ করা সম্ভব হয়নি। ফলে পৌরসভার অভ্যন্তরস্থ পুরাতন জড়াজীর্ন ভবনেই চলছে ইউনিয়ন পরিষদ কার্য়লয়ের কার্যক্রম। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চলতি বছরের প্রথম দিকে একই স্থানে পুরোদমে শুরু হয়েছে ভবন নির্মাণের কাজ।
বর্তমান ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা মনে করেন আগামী বছরের প্রথম দিকে নিজ ভূমিতে নির্মিত ভবনে পরিষদের কার্যক্রম চালানো সম্ভব হবে।