‘এক মাসের মধ্যে ২৬ হাজার শিক্ষক নিয়োগ’

সু.খবর ডেস্ক
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মুস্তাফিজুর রহমান বলেছেন, সরকার দুই বছরে নতুন করে ২২ হাজার শিক্ষক নিয়োগ দিয়েছে। আগামী এক মাসের মধ্যে আরো প্রায় ২৬ হাজার শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার শিক্ষা ক্ষেত্রে যে অবদান রাখছে তা অতীতে কেউ কখনো রাখেনি। রবিবার  সকালে দশম জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী একথা বলেন। সকাল পৌনে ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
বাজেট আলোচনায় বাংলাদেশে জঙ্গি তৎপরতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। তিনি বলেন, আমাদের দেশে দু’একটা মারা গেলে প্রতিদিন তারা বিবৃতি দেয়, নছিহত করে। গণতন্ত্র নেই, ভাল নির্বাচন হয়নি-তাই এসব ঘটনা ঘটছে বলে মন্তব্য করে। কিন্তু আমেরিকাতেও কি মানুষ মারছে না?  তাদের স্কুল-কলেজে মানুষ মারছে না? সেখানে এক ক্লাবে একবারে ৫৩ জন মারা গেল।
মন্ত্রী বলেন, তাহলে কি বলব- ফ্রান্সে গণতন্ত্র নেই? বৃটেনে গণতন্ত্র নেই? ওখানে তো গণতন্ত্র আছে। গণতন্ত্রের সূতিকাগার বলে তাদের কাছ থেকে আমাদের গণতন্ত্রের ধারণা নিতে হচ্ছে। সেখানেও তো এসব ঘটনা ঘটছে। তিনি বলেন, সারা পৃথিবী জুড়ে অস্থির সময় যাচ্ছে। যারা এসব হত্যাকান্ড ঘটাচ্ছে, তারা আমাদের উন্নয়নের অগ্রগতি থামিয়ে দিতে চায়। কথায় আছে সুখে থাকলে ভুতে কিলায়। বাংলাদেশও নানান প্রকার বাহিনীর নামে হত্যাকান্ড ঘটছে। তারা দেশকে অস্থির করতে চায়।