স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরের টাকাটুকিয়া গ্রামের পলি ও চামেলীদের বাড়িতে একদল বখাটের সশস্ত্র হামলার ঘটনায় আব্দুল কুদ্দুছ (৫৫) নামে আরো এক ব্যক্তিকে সন্দেহজনক আসামি হিসাবে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে মামলার এজহারভূক্ত আসামি শহিদ মিয়া ও সিরাজ মিয়াকে আটক করেছিল পুলিশ। এই নিয়ে এ ঘটনায় ৩ জনকে আটক করা হলো। মামলার এজাহারভুক্ত ১১ আসামিসহ ২২ জনকে এখনো আটক করতে পারেনি পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা তাহিরপুর থানার এসআই শাহাদাৎ হোসেন জানান, আব্দুল কুদ্দুছকে সন্দেহজনক আসামি হিসাবে গ্রেপ্তার করা হয়েছে। কুদ্দুছ মিয়া উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের টাকাটুকিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। আব্দুল মজিদ মামলার অন্যতম আসামি টুকেরগাঁওয়ের বিল্লাল মিয়ার বোনের জামাই।
মামলার বাদী সত্যেন্দ্র বর্মন জানান, আব্দুল কুদ্দুছ মামলার আসামী নন। তাকে কি কারণে গ্রেপ্তার করা হয়েছে, তা তাদের জানা নেই। তিনি জানান, মামলার আসামি টুকেরগাঁওয়ের বখাটে মেজর আলী, পাবেল মিয়া, কাশেম মিয়া ও মুছা মিয়া এখনো গ্রেপ্তার হয়নি।
তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার বলেন, আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে। ঘটনাস্থলে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রয়েছে।
তাহিরপুরের টাকাটুকিয়ায় বখাটেপনার নালিশ করায় বখাটেরা এক নিরীহ পরিবারের উপর বাড়িতে হামলা, মারপিঠ ও ভাংচুর করেছে। এ ঘটনায় নারীসহ ৮ জন আহত হয়েছে। ঘটনার পর ১৩ জনের নামোল্লেখ করে ২৫ জনকে আসামি দিয়ে মামলা করেন ক্ষতিগ্রস্ত সত্যেন্দ্র বর্মণ।


