এবারে হাওরে মরছে গরু

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে ধান, মাছ, হাঁসের পর এবার মরছে গরু। উপজেলার সর্ববৃহৎ নলুয়ার হাওরপাড়ে গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে মঙ্গলবার।
জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় গণমাধ্যম কর্মীদের গরুর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তবে কী কারণে মারা গেছে তা তদন্ত করা হচ্ছে বলে জানান।   
হাওরপাড়ের লোকজন জানান, নলুয়ার হাওর বেষ্টিত চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ভূরাখালি গ্রামের আরশ আলী ও ফারুখ মিয়া নলুয়ার হাওর থেকে গো-খাদ্যর জন্য স্থানীয় জাতের ভটভটি ঘাস তুলে তাদের দুইটি গরুকে খাওয়ার জন্য দেন।  তা খাওয়ার কিছুক্ষণের মধ্যে গরু দুটি মারা যায়।  
ফারুখ মিয়ার আপন ভাতিজা রোমেন আহমদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদক কে বলেন, সকাল সাড়ে ১০টায় নলুয়ার হাওর থেকে ভটভটি শাঁক তুলে গরুকে খাওয়ার জন্য দেয়া হলে ওই শাঁক খেয়ে আধাঘন্টার মধ্যে পেট ফুঁলে মারা যায় দু’টি গরু। আমরা ধারণা করছি, হাওরে ধান পঁচে যে বিষাক্ত গ্যাস তৈরী হয়েছে তার প্রতিক্রিয়ায় গরু মারা গেছে।  
জগন্নাথপুর উপজেলা হাওর উন্নয়ন পরিষদের সাধারন সম্পাদক সিদ্দেকুর রহমান জানান, ফসলডুবির পর হাওরের মাছ গেল, হাঁস মোরগেও মড়ক দেখা দিয়েছে। এবার গরুর মৃত্যুর খবর পাচ্ছি। এ ঘটনায় হাওরপাড়ে কৃষকদের মধ্যে নতুন আরেকটি আতংক ছড়িয়ে পড়েছে।   
এব্যাপারে জগন্নাথপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কামরুল আহমদ খান জানান, গো খাদ্যের সংকট থাকায় কৃষক  গরু গুলোকে গতকাল সারাদিন ভটভটি ঘাস খেতে দেন। ওই ঘাসে কিছু পয়জন রয়েছে। অতিরিক্ত পরিমাণ খেলে পাতলা পায়খানা দেখা দেয়। গরুগুলো অতিরিক্ত ভটভটি ঘাস খেয়ে পাতলা পায়খানায় মারা যায়।