ঝঞ্ঝাবিক্ষুব্ধ পৃথিবীতে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। মুড়ি-মুড়কির মতো যাচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে দাবিদার মানুষের প্রাণ। শান্তির ললিতবাণী এখন ব্যর্থ পরিহাস হয়ে অট্টহাসির মাতম তুলেছে। ধ্বংস বিভীষিকা হিংস্রতা নিষ্ঠুরতা আজ প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। এগুলোকে মহৎ আদর্শরূপে প্রতিপন্ন করতে চাচ্ছে একটি গোষ্ঠী। এই গোষ্ঠীটির হাতে বিশ্ব মানবতা আজ বিপন্ন। এর বিপরীতে শান্তিঅন্বেষী বিশ্ব নাগরিক সম্প্রদায় কোথাও কোন ভরসা খুঁজে পাচ্ছেন না। যারা ভরসা দেওয়ার সক্ষমতা রাখেন তারা যেন ক্ষমতা কুক্ষিগত রাখতে নিজেদের বিবেকের দরোজা বন্ধ করে দিয়েছেন। বাংলাদেশের ভয়াবহ হলি-আর্টিজান বেকারী ও শোলাকিয়া ঈদগাঁহ ময়দানে জঙ্গি হামলার রেশ শেষ হওয়ার আগেই ফ্রান্সের নিস শহরে এক বর্বর বিকৃত মানসিকতার ব্যক্তি জাতীয় দিবসের উৎসবে যোগ দিতে আসা হাজারো মানুষের উপর দিয়ে ৭০ মাইল বেগে লরি চালিয়ে হত্যা করে প্রায় ১ শ’ মানুষকে। এর পরদিনই তুরস্কের কিছু বিপথগামী সেনাসদস্য অভ্যুত্থান চেষ্টা করে। অভ্যুত্থান ও অভ্যুত্থান ঠেকানোর ফাঁকে ঝরে গেছে ২৬৫ টি তাজা প্রাণ। অবস্থা এমন হয়েছে যে, মানুষ ঘুম থেকে উঠেই টেলিভিশন খুলে নিশ্চিত হতে চায় গতরাতে পৃথিবীর কোন অংশে কোন জঙ্গি, সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে কিনা। মানুষ মনে করে যেদিনটি এরকম দুর্ঘটনা ছাড়া অতিবাহিত হয় সেই দিনটি অতি ভাগ্যবান। এমন অশান্ত বিশ্ব পরিস্থিতিতে আমরা কোন ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছি তার কোন কূল কিনারা করা যাচ্ছে না।
ফরাসি বিপ্লবের দিনে যে আদর্শ স্থাপনের জন্য এক উন্মাদ লরি চালিয়ে দিয়ে নিরপরাধ শিশু নারী ও পুরুষদের হত্যা করল সে কি একবারও চিন্তা করেছে ওই দিবসটির তাৎপর্য কী? ফরাশী বিপ্লবের মধ্য দিয়ে আধুনিক গণতন্ত্রের নবযাত্রার শুরু। স্বাধীনতা, সাম্য ও মৈত্রির আদর্শ বুকে ধারণ করে ১৭৮৯ সনে বাস্তিল দুর্গের পতনের মধ্য দিয়ে ফ্রান্সের জনতা রাজনীতিতে সাধারণের অধিকার প্রতিষ্ঠার যে বিজয় নিশান উড়িয়েছিলেন তার ফলেই পরবতীতে বিশ্বে শোষণমূলক ব্যবস্থার বিরুদ্ধে নানা মতাদর্শের উদ্ভব ও প্রয়োগ হতে থাকে। বর্বর লরিচালক মোহাম্মদ লাহৌয়ায়েজ নিশ্চিতভাবেই মানবসভ্যতার জন্য কল্যানকারী ওই আদর্শের শিক্ষা পায়নি কখনও। সে তিউনিশিয় বংশদ্ভূত একজন ফরাশি হলেও নিজের হৃদয়ে ফরাশি বিপ্লবের মহান আদর্শ ধারণ করতে পারেনি। মহান দেশের একজন কুলাঙ্গার সন্তান সে। আজ যেভাবে তথাকথিত আদর্শ প্রতিষ্ঠার নামে মোহাম্মদ লাহৌয়ায়েজরা হত্যানন্দে মেতে উঠেছে সেই জায়গা থেকে বিশ্বকে আবারও সঠিক ধারায় ফিরিয়ে আনতে আমাদের ফরাশি বিপ্লবের মহান আদর্শগুলোকেই নতুনভাবে আত্মস্থ করতে হবে।
একজন কামাল আতাতুর্ক তুরস্ক নামক একটি রাষ্ট্রকে আমূল বদলে দিয়েছিলেন। অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক আদর্শকে ধারণ করে তিনি গড়ে তুলেছিলেন আধুনিক তুরস্ক। ইউরোপের শেষপ্রান্তের এই দেশটি ক্রমশ সমৃদ্ধ ও আধুনিক হয়ে বিশ্বসভায় নিজেকে মেলে ধরছিল। সেই তুরস্কে আজ ধর্মের নামে রাষ্ট্রক্ষমতা দখলের প্রতিযোগিতা চলে। এখানে সামরিক বাহিনী মাঝে মধ্যেই গণতন্ত্র হরণ করে। সর্বশেষ শনিবার ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার ফলে কত মানুষ মারা গেল কিংবা যাবে তার পরিসংখ্যান বোধ করি কোন দিনই জানা যাবে না। একটি সাজানো বাগান তছনছ করে দিলে যেরকম হৃদয় ভাঙে সেরকমই অবস্থা আজ তুরস্কের। শুধু তুরস্ক কেন, প্রাচীন সভ্যতার পীঠস্থান ইরাক, মিশর, আফগানিস্থান, তেলসমৃদ্ধ লিবিয়া সর্বত্রই আজ সাজানো বাগান ভাঙার আর্তনাদ। তিল তিল করে যে সভ্যতা যে সমৃদ্ধি গড়ে উঠেছিল পৃথিবীর নানা দেশে, মুহূর্তের তান্ডবে সেগুলো ধ্বংসপুরীতে পরিণত হচ্ছে। এমন অপূরণীয় ক্ষতি কেমন করে সহ্য করবে মানব সভ্যতা?

