এমপি রতন ও তাঁর ভাই রোকনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের এবং তাঁর ছোট ভাই ২ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী       ধর্মপাশা উপজেলা সভাপতি মোজাম্মেল হোসেন রোকনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার বিকালে সহকারি জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন ২ নং ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি সদস্য প্রার্থী প্রভাকর তালুকদার পান্না, আব্দুল কাইয়ুম মজনু, আব্দুল সালাম ও হারুন অর রশিদ।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, সদস্য প্রার্থী মোজাম্মেল হোসেন রোকনের বড় ভাই মোয়াজ্জেম হোসেন রতন স্থানীয় সংসদ সদস্য হওয়ায় স্থানীয় ভোটাররা আতংকিত। সদস্য প্রার্থী রোকন শতাধিক মোটরসাইকেল নিয়ে এলাকার বিভিন্ন ইউনিয়নে মহড়া দিয়েছেন। মঙ্গলবার এমপি মোয়াজ্জেম হোসেন রতনের বাড়িতে এলাকার ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-ইউপি সদস্য-সদস্যাদের দাওয়াত করে ভুরিভোজের আয়োজন করেন। এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও তাঁর ভাই মোজাম্মেল হোসেন রোকন ভোটারদের বিভিন্নভাবে ভয়-ভীতি, হুমকি-ধামকীসহ অর্থের প্রলোভন দেখিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন।
এ ব্যাপারে কথা বলতে সদস্য প্রার্থী মোজাম্মেল হোসেন রোকনের ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন রিসিভ করেন নি তিনি।
এমপি মোয়াজ্জেম হোসেন রতন সকল অভিযোগ মিথ্যা দাবি করে বলেন,‘ আমি কোন ভোটারদের হুমকি-ধামকী ও ভয়-ভীতি দেইনি। কোন ভোটারকে অর্থের প্রলোভন দেখাইনি।’