এসএ টিভির সুনামগঞ্জ প্রতিনিধিকে গ্রেপ্তার করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের স্থানীয় দৈনিক হাওরাঞ্চলের কথা’র সম্পাদক, এসএ টিভি’র সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদারকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আসামী হিসাবে সোমবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। রাত ২ টায় শহরের মহিলা কলেজ রোড এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে রাত ১১ টায় ধর্মপাশার সেলবরস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেনিয়ার হোসেন খান পাঠান তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ধর্মপাশা থানায় মামলা দায়ের করেন।

বেনিয়ার হোসেন খান পাঠান’এর দায়ের করা মামলায় উল্লেখ করা হয়, মাহতাব উদ্দিন তার ফেসবুক আইডিতে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-ধর্মপাশা-তাহিরপুর) আসনের সংসদ সদস্য, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের বিরুদ্ধে কুৎসা রটনা করেছেন। সংসদ সদস্য গ্রেপ্তার হয়েছেন এমন মিথ্যা গুজব ফেসবুকে ছড়িয়ে দিয়ে তাঁর সম্মানহানী করেছেন।

সুনামগঞ্জ সদর থানার ওসি শহীদুর রহমান জানান, সকাল সাড়ে ১০ টায় মাহতাব উদ্দিন তালুকদারকে আদালতে সোপর্দ করেছে ধর্মপাশা থানা পুলিশ। বিকাল ৩টায় তিনি বলেন-আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সোমবার রাত সাড়ে ১১ টায় সাংবাদিক মাহতাব উদ্দিন এই প্রতিবেদককে জানান, তার ফেসবুক আইডি সন্ধ্যা ৭ টায় হ্যাক হয়েছে। পুলিশকে বিষয়টি জানিয়েছেন, তিনি জিডি করতে চাচ্ছেন সুনামগঞ্জ সদর থানা পুলিশ ওই সময় পর্যন্ত জিডি গ্রহণ করেনি।