সু.খবর ডেস্ক
গত দুই বছরের মত এবারো ৭ মার্চ আর্মি স্টেডিয়াম মেতে উঠবে তারুণ্যের জয় গানে। তারুণ্যের জয়গানে মুখর হবে ‘জয় বাংলা কনসার্ট’। সেন্টার ফর রিসার্চের (সিআরআই) অঙ্গ প্রতিষ্ঠান দেশের সবচাইতে বড় ইয়ুথ প্লাটফর্ম ইয়ং বাংলা’র আয়োজনে এবারো ৬০ হাজারের বেশি তরুণ-তরুণে মাতবে জয় বাংলা কনসার্টে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটিকে স্মরণ করে বিগত দুই বছর ধরে এই কনসার্টের আয়োজন করে আসছে ইয়ং বাংলা। কনসার্টের টিকেট এবারো ফ্রি পাওয়া যাচ্ছে এই লিংকে- http://ticket.youngbangla.org/
এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক সমকাল।
বরাবরের মতই এবারের কনসার্ট মাতাতে স্টেজে থাকছে দেশের বিখ্যাত ব্যান্ড ওয়ারফেজ, চিরকুট, আর্বোভাইরাস, লালন, ক্রিপটিক ফেট, নেমেসিস, শিরোনামহীন এবং শূন্য। গত বছর স্টেডিয়ামে এই কনসার্ট উপভোগ করেছে ৬০ হাজার জন। লাইভ টেলিভিশনে কনসার্টটি দেখেছে আরো ৯০ হাজার মানুষ।
বাংলাদেশের ঐতিহাসিক এই দিনটি উদযাপনে হাজার হাজার তরুণ এ বছরও দিনটি উদযাপন করবে আর্মি স্টেডিয়ামে।
কনসার্টের পাশাপাশি ইয়ং বাংলা দেশের তরুণ সমাজকে সংগঠিত করতে আরো বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য উদ্যোগ হয় ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’।


