বিশ্বম্ভরপুর প্রতিনিধি
ওমানে সড়ক দুর্ঘটনায় তাহিরপুর উপজেলার এক প্রবাসী মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ৭ জুন মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় প্রবাসী গৌছ আলী (৫৩) মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী গৌছ আলী তাহিরপুর উপজেলার উজান তাহিরপুর গ্রামের মৃত. মুক্তার আলীর ছেলে। তার মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।
জানা যায়, গৌছ আলী প্রায় ৩০ বছর যাবত প্রবাসে আছেন। গত ৫ জুন রবিবার গৌছ আলী বাইসাইকেলে কর্মস্থলে যাওয়ার সময় একটি কার পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি বাইসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে ২ দিন অজ্ঞান অবস্থায় চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবারে (৭ জুন) তিনি মারা যান।
শুক্রবার দুপুরে তার লাশ ঢাকা শাহজালাল বিমানবন্দরে পৌঁছে। শনিবার তার নিজ গ্রামে জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. জুনাব আলী, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মো. বোরহান উদ্দিন, বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ আহমদ প্রমুখ।


