স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ শহরের ওয়েজখালীতে অবস্থিত বলাকা পেট্রল পাম্পের নিজস্ব জমি জোরপূর্বক দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে বলাকা পেট্রল পাম্প কর্তৃপক্ষ। সোমবার রাতে শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলাকা পেট্রোল পাম্পের স্বত্বাধিকারী মশিউর রেজা টিংকুর স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন— পাম্পের ব্যবস্থাপক শামিম আহমেদ।
তিনি বলেন, বলাকা পেট্রল পাম্পের স্বত্বাধিকারী মশিউর রেজা টিংকুর পৈতৃক সূত্রে পাওয়া নিজের রেকর্ডিয় ও দখলে থাকা পাম্পের সামনে কিছু জমি খালি থাকায় কয়েকটি ট্রাক রাখার মৌখিক অনুমতি দেন তারা। কিছুদিন আগে ঐ জমিতে মসজিদ নির্মাণের উদ্যোগ নেয়া হয়। মসজিদ নির্মাণের জন্য ট্রাক সরানোর অনুরোধ করলে অসৎ উদ্দেশ্যে ওয়েজাখালীর নুর উদ্দিন, মল্লিকপুরের আব্দুল জাহান, ওয়েজখালী এলাকার ইছাক আলীর ছেলে আব্দুল মছব্বির, একই এলাকার শহিদের ছেলে মাছুম, কুদ্দুছের ছেলে সুমন, আদিলের ছেলে সারোয়ার, হালুয়ারগাঁওয়ের উকিল আলীর ছেলে ফরিদ মিয়া, জাহেদ আলী, গোপাল দাশ সহ অজ্ঞাত আরও কয়েকজন জমি দখলের পায়তারা করছে। রাতের অন্ধকারে ওখানে টিনের ঘর নির্মাণ করেছে এরা। অনুমতি ছাড়া তাদের জমিতে ঘর নির্মাণের প্রতিবাদ করলে দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি দেখায়। এই ঘটনায় আইনি পদক্ষেপ নিতে থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছি।
সংবাদ সম্মেলনে যুবলীগের কেন্দ্রীয় নেতা ফজলে রাব্বি স্মরণ, সড়ক পরিবহন শ্রমিক নেতা সুজাউল কবির, সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন সমিতির সহ সভাপতি আনোয়ার সহ অন্যান্য পরিবহন নেতৃবৃন্দ সুনামগঞ্জের প্রিন্ট, ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
অভিযোগের ব্যাপারে ট্রাক, লড়ি ট্রেড ইউনিয়নের চেয়ারম্যান মো.আব্দুস সামাদ বললেন, এটি সড়ক বিভাগের জমি। কারো ব্যক্তিগত জমি নয়। আমরা দীর্ঘ বছর ধরে এখানে আছি। এরপরও কথা দিয়েছি মসজিদ বানান। উদ্বোধনের দিন স্ব ইচ্ছায় জায়গা ছেড়ে দিব। তারা কেন এসব অভিযোগ করছেন জানি না। আসলে বলাকা পেট্রল পাম্প কতৃর্পক্ষ সরকারি জমির দখল নিতে এমন অভিযোগ করছে।


