ওষুধের দাম নির্ধারণ নিয়মিত পর্যবেক্ষণ করুন

ওষুধ জীবন রক্ষাকারী নিত্যপ্রয়োজনীয় পণ্য। কিন্তু ওষুধের মানের সঙ্গে দাম নিয়ে চিন্তিত থাকতে হয় ভোক্তাদের। কেননা অল্প সময়ের ব্যবধানে বিভিন্ন অজুহাতে প্রায়ই ওষুধের দাম বাড়ানো হয়। তা ছাড়া সম্প্র্রতি ওষুধের মান নিয়েও প্রশ্ন উঠছে। বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধের পাশাপাশি ভেজাল ওষুধও মিলছে অহরহ। যেহেতু সাধারণ জনগণ ওষুধের গুণাগুণ বা মান নিয়ে অনেকটাই অজ্ঞ, তাই তাদের কাছে মানের পাশাপাশি ওষুধের দামটাই মুখ্য বিষয়।
সম্প্রতি মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘জাতীয় ওষুধ নীতি-২০১৬’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। বছরে একবার ওষুধের দামের তালিকা হালনাগাদ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে রাখলে শাস্তির বিধান রেখে নতুন এই জাতীয় ওষুধ নীতি করছে সরকার। একই সঙ্গে ওষুধের মান নিয়ন্ত্রণ এবং ওষুধ তৈরি, বিক্রি ও আমদানিতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় একটি নিয়ন্ত্রক কর্তৃপক্ষ গঠনের কথাও বলা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় ও ওষুধ শিল্পের প্রসারে সরকারের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।
ওষুধ নীতির খসড়া অনুযায়ী যেহেতু বছরে একবার ওষুধের দাম হালনাগাদ করার বিধান রাখা হচ্ছে, তাই কোম্পানিগুলো চাইবে ওষুধের দাম বেশি পরিমাণে বাড়াতে। কিন্তু জনগণের সামর্থ্যরে কথাটা ভুলে গেলে চলে না। জনগণের স্বাস্থ্য ও চিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র ও জনগণের প্রতিনিধি হিসেবে এ বিষয়ে সরকার যুগোপযোগী সিদ্ধান্ত নেবে, এটাই কাম্য।
অন্যদিকে শুধু ওষুধের দাম নির্ধারণ করে দিয়ে ক্ষান্ত থাকলেই চলবে না। নির্ধারিত দামে ওষুধ বিক্রি করা হচ্ছে কি না সে বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণে রাখতে হবে। যেসব ওষুধ বিক্রি করলে বেশি লাভবান হওয়া যায়, সাধারণত ফার্মেসিওয়ালারা সেসব ওষুধই ক্রেতাদের হাতে তুলে দিতে চান। এক্ষেত্রে দাম ও মান দুটোতেই পরে অভিযোগ আসে। তাই বিভিন্ন ওষুধের দাম নির্ধারণের ক্ষেত্রে কোম্পানিগুলোকেও ঐকমত্যে পৌঁছতে হবে। নইলে ভেজাল ও নিম্নমানের ওষুধের বাজার বন্ধ করা যাবে না। জনগণকেও সচেতন হতে হবে যাতে তারা ওষুধ কিনে প্রতারিত না হন। অন্যদিকে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সরবরাহকারী, বিক্রেতা প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। সবচেয়ে বড় কথা, জনগণ সঠিক মূল্যে মানসম্মত ওষুধ সেবন করতে চায়। সরকারের ওষুধ নীতি যথাযথভাবে পালিত হচ্ছে কি না তা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।