বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইনের একটি বড় সুফল মিলল। ফেনীর সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেম হোসেনকে ওই আইনের আওতায় বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল ৮ বছরের কারাদ- ও ১৫ লাখ টাকা জরিমানা করেছেন। সোনাগাজী উপজেলার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত তার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলে ওসি মোয়াজ্জেম তাকে থানায় ডেকে জবানবন্দি নিয়েছিলেন। ওই জবানবন্দি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। এ সময় ওসি মোয়াজ্জেম নির্যাতিতা মাদ্রাসাছাত্রী নুসরাতকে এমনসব প্রশ্ন করেন যা শালীনতার সীমা ছাড়িয়ে যায়। এই অপরাধে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে ওসি মোয়াজ্জেমকে আসামি করে মামলা করেন। ১৫ এপ্রিল এই মামলা দায়ের হয়। ২৩ মে আদালতে চার্জশীট দাখিল করার পর ১৭ জুলাই অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। এরপর মাত্র চার মাসের মাথায় আদালত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এই মামলার রায় দিলেন। আসামি মোয়াজ্জেম হোসেন ইতোমধ্যে গ্রেফতার হয়ে কারান্তরালে রয়েছেন। সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের এই রায়কে এখন ব্যাপকভাবে অভিনন্দিত করা হচ্ছে। এ রায়ের তাৎপর্য নিয়ে নানাজন নানা ধরনের বিশ্লেষণ করছেন। বলা বাহুল্য সকলেই দ্রুত বিচারিক কার্যক্রম শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করছেন।
যখন ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ পায় এবং গণমাধ্যমের বদৌলতে পুরো দেশবাসী এই ঘটনা জেনে যায় তখন আসামির বিরুদ্ধে তীব্র জনমত গড়ে উঠে। মামলাটি হয়ে উঠে ভীষণভাবে আলোচিত। একই সাথে এই আশঙ্কাও করা হয় যে, একজন ওসির বিরুদ্ধে যেখানে অভিযোগ আনীত হয়েছে সেখানে পুলিশ বিভাগ সঠিকভাবে এর তদন্ত কাজ করবে কিনা। এই আশঙ্কাকে মিথ্যা প্রমাণ করে পিবিআই দ্রুত এর তদন্ত শেষ করে। অতিরিক্ত পুলিশ সুপার রীমা সুলতানা যথাযথভাবে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলাটির তদন্ত কার্যক্রম নিয়ে পিবিআইর বিরুদ্ধে বলার মত কোনো ঘটনার উদ্ভব হয়নি। বরং তদন্তের শুরু থেকেই পিবিআইকে দৃঢ় অবস্থান নিতে দেখা যায়। এই ঘটনায় পুলিশের একজন ওসি অভিযুক্ত হলেও পুলিশেরই নিরপেক্ষ তদন্তে তিনি দোষী সাব্যস্থ হয়ে আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হয়েছেন। যা পুলিশের প্রতি জনআস্থা বাড়িয়ে তোলতে সহায়তা করবে। সমাজের অপরাপর অংশের মত পুলিশের মধ্যেও যে ভাল ও মন্দ দুই ধরনের প্রপঞ্চ থাকতে পারে সেটি আবারও বুঝা গেল এই ঘটনার মধ্য দিয়ে।
অন্যদিকে ডিজিটাল নিরাপত্তা আইন জারির পর এর বিভিন্ন দিক নিয়ে সারা দেশে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। অনেকেই আশঙ্কা করছিলেন, এই আইনের আওতায় অহেতুক অনেকে বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন। কিন্তু ওসি মোয়াজ্জেমের শাস্তি নিশ্চিত হওয়ার পর বর্ণিত আইনটির ভাল দিকগুলো সকলের সামনে উন্মোচিত হল। আলোচ্য রায়টি এ কারণেও ঐতিহাসিক যে, ওই আইনের আওতায় এটিই প্রথম রায়। তথ্যপ্রযুক্তির ব্যাপক প্রচার ও প্রসারের ফলে এই জায়গায় বহু অপরাধ প্রবণতা তৈরি হয়েছে। গুজব তৈরি, ব্যক্তি বিশেষের সম্মান হানি, মিথ্যা তথ্য প্রচার, ধর্মীয়-জাতিগত বিদ্বেষ ছড়ানো; ইত্যাকার নানা অপরাধ ঘটা শুরু হতে থাকে তথ্য প্রযুক্তির বিভিন্ন প্লাটফরমে। বিশেষ করে ফেসবুক ও কথিত কিছু অনলাইন গণমাধ্যমকে এই অপকর্মে কাজে লাগানো হয়। কিন্তু দেশে ডিজিটাল অপরাধের জন্য বিশেষ কোনো আইন না থাকায় এই ধরনের অপরাধের বিচারিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে থাকে। সকলেই ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণের জন্য একটি যুগোপযোগী আইনের প্রয়োজনীয়তা অনুভব করতে থাকেন। অবশেষে একটি আইন হয়েছে এবং এই আইনে একটি বিচারিক কার্যক্রমও শেষ হয়েছে। এতে আইনটির কার্যকারিতা প্রমাণিত হল বলে আমরা মনে করি।
বর্ণিত রায় ডিজিটাল প্লাটফরমে অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। এই মামলার বিভিন্ন প্রক্রিয়ায় যারা জড়িত ছিলেন তারা নিশ্চয়ই ধন্যবাদ পাওয়ার যোগ্য।
- পুষ্টি পরিকল্পনা জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -জেলা প্রশাসক
- সাংসদ রতনের সেই ঘনিষ্ঠ বন্ধু গ্রেপ্তার

