স্টাফ রিপোর্টার
ওয়েজখালী ব্র্যাক অফিসের এরিয়া ম্যানেজার শহীদুল ইসলামের অব্যাহতি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে প্রীতিলতা ব্রিগেড সুনামগঞ্জ জেলা সংসদ। বৃহস্পতিবার বিকাল ৪ টায় জেলা ছাত্র ইউনিয়নের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা প্রীতিলতা ব্রিগেডের সদস্য সচিব সুমাইয়া আফরিন। এসময় তিনি লিখিত বক্তব্যে বলেন, ব্র্যাক অফিসের এরিয়া ম্যানেজার শহিদুল ইসলাম ও তার সহযোগীরা মিলে ব্র্যাক অফিসে চাকরীরত এক নারী কর্মীকে বিভিন্ন ভাবে নির্যাতন করেন। অফিস বন্ধের দিনে শহিদুল ইসলাম তাকে দেখা করতে বলতেন। অফিসের ভেতরে একা দেখলেই ব্যক্তিগত কথা বলার জন্য তার রুমে ডেকে নিয়ে মেলামেশা করার প্রস্তাব দিতেন। এবিষয়ে কাউকে কিছু বললে চাকরি চলে যাবার ভয় দেখাতেন।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, তার অধীনে কর্মরত মেয়ে কর্মচারীদেরকে ছলে বলে কৌশলে যৌন নির্যাতন করতেন। কেউ তার কথায় রাজি না হলে বিভিন্ন ঋণ গ্রহীতাকে উস্কানি দিয়ে অভিযোগ নিয়ে আসতেন। এসব বিষয়ে প্রতিবাদ করলে তাকে চাকরী থেকে ছাটাই করা হয়।
সংবাদ সম্মেলন শেষে আগামী শনিবার (২৮ ডিসেম্বর) আলফাত উদ্দিন চত্ত্বরে (ট্রাফিক পয়েন্ট) শহীদুল ইসলামের অব্যাহতি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করার ঘোষণা দেন নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন জেলা প্রীতিলতা ব্রিগেডের যুগ্ম আহবায়ক কলি আক্তার, ফাতেমা আক্তার, সদস্য তামান্না আক্তার, রেজিনা বেগম, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি দুর্যোধন দাস দুর্জয়, সাধারণ সম্পাদক আসাদ মনি, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মনির হোসেন দুর্জয়, সাধারণ সম্পাদক নিমাই সরকার।


