ওয়েভ পোর্টালে মৃত ব্যক্তিই চেয়ারম্যান

ধর্মপাশা প্রতিনিধি
ফজলুর রহমান ফুল মিয়া ২০১১ সালে ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্তু তাঁর ইউনিয়ন পরিষদের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই গেল বছরের ৩ এপ্রিল হৃদযন্ত্রেরর ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। ফলে এ ইউনিয়নে চেয়ারম্যানের পদটি শূন্য হয়। একই বছর শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফজলুর রহমান ফুল মিয়ার বড় ছেলে ফরহাদ আহমেদ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে এ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্তু ফজলুর রহমান ফুল মিয়ার মৃত্যুর ৯ মাস পেরিয়ে গেলেও ওই ইউনিয়নের ওয়েব পোর্টালে বর্তমান চেয়ারম্যানের নামের তালিকায় এখনো মৃত ফজলুর রহমান ফুল মিয়ার নাম ও ছবি দেখা যাচ্ছে। এমন কি বর্তমান ইউপি সদস্যদের তালিকায় রয়েছে সাবেক        সদস্যদের নাম। শুধু তাই নয় সুনামগঞ্জ জেলার ওয়েব পোর্টালেও এখনো চেয়ারম্যান হিসেবে ফজলুর রহমান ফুল মিয়ার নাম রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে ও ওয়েব পোর্টাল নিয়মিত হালনাগাদ না করার কারণে মৃত ব্যক্তির নাম বর্তমান চেয়ারম্যানের তালিকায় থাকার বিষয়টি নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর পাশাপাশি সঠিক তথ্যপ্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে।
ওই ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা আকবর হোসেন বলেন, নতুন চেয়ারম্যানের ছবি আমি আপলোড করেছি। আপলোড না হয়ে থাকলে আবার আপলোড করে দিব।
চেয়ারম্যান ফরহাদ আহমেদ বলেন, ভিজিডি, ভিজিএফ ও ইউনিয়ন পরিষদের  অন্যান্য কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকায় এ বিষয়টি আমার মনে ছিল না। আজকের  (সোমবার) মধ্যে এটি পরিবর্তন করা হবে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন কবীর বলেন, চেয়ারম্যানকে বলে দিব ওয়েব পোর্টাল দ্রুত হালনাগাদ করার জন্য।