স্টাফ রিপোর্টার
বিয়ের একদিন পর শ্বশুর বাড়িতে বরকে কুপিয়ে হত্যার ঘটনার প্রতিবাদে ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বুধবার বিক্ষোভ ও স্মারকলিপি দিয়েছে বরের এলাকার লোকজন। গত ১৬ অক্টোবর জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গত ১৪অক্টোবর শুক্রবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মানিক মিয়ার
ছেলে সুহেল মিয়ার (৩০) সঙ্গে বিয়ে হয় এলাকার পাথারিয়া গ্রামের শামসুল আলমের মেয়ে জহুরা বেগমের (২১)। বিয়ের একদিন পর কনের বাড়িতেই সুহেল মিয়াকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন জহুরা বেগমের আত্মীয় শাহীন মিয়া। পরে হাসপাতালে নেওয়া হলে সুহেল মারা যান। এ ঘটনায় পুলিশ শাহীন মিয়াকে গ্রেপ্তার করেছে।
শাহীন মিয়া ও এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বুধবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরে বিক্ষোভ মিছিল করেন নিহত সুহেল মিয়ার এলাকার লোকজন। পরে পৌর শহরের আলফাত স্কয়ারে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জাহাঙ্গীর আলম, সুহেল মিয়া, আশিক নূর, আলী নূর প্রমুখ।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন জানান, এ ঘটনায় নয়জনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
- জেলে কন্যা ধর্ষণ ধর্ষণে সহযোগিতাকারী বখাটে যুবক ধরা ছোঁয়ার বাইরে
- ছাতকের সুরমা সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন


