কবিতা-কাঁপে তবু চাষীর হৃদয়

রোকেস লেইস
বোশেখ এলে হলুদ ছোঁয়া স্বর্ণ শিখর মাঠে মাঠে
আনন্দ তার মন ছাপিয়ে চোখের তারায় উঠে ফুটে

কাঁপে তবু! চাষীর হৃদয় অজানা সেই শঙ্কাতে

স্বর্ণমায়ার রূপ প্রকাশি উঠবে ফসল রাশি রাশি
লাস্যময়ী সে উর্বশী আবেশ ছড়ায় স্বর্ণকেশী
মৌ মৌ মৌ প্রাণ জুড়ানো গন্ধবিভোর উতল হাসি

প্রকৃতি তার খেয়ালি রূপ বদল করে যেমন খুশি
কখন যে সে বেজায় গুমট গুমরামুখো উদাসী
তপ্ত নিদাঘ বজ্র নিনাদ বাজায় ভেরি আগ্রাসী
কখন আবার তেড়েফুঁড়ে ঝরে শিলা সব বিনাশী
আবার কখন অকাল বানে ধরিত্রী হয় বানভাসি

চির চেনা এ প্রকৃতির উল্টো রীতির নাই যে শেষ
কখন যে দেয় অঢেল অশেষ কখন করে অনিঃশেষ
জানে বলেই চাষীর হৃদয় কাঁপতে থাকে নির্নিমেষ
চিরকালীন এই নিয়তির রুখতে হবে এই আবেশ।
                                                                           ২২০৪১৬