প্রয়াত মরমিকবি ও প্রখ্যাত গীতিকার গিয়াস উদ্দিন আহমদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। ২০০৫ সালের ১৬ এপ্রিল বেলা সাড়ে তিনটায় তাঁর মৃত্যু হয়। ‘মরিলে কান্দিস না আমার দায়’, ‘প্রাণ কান্দে মন কান্দে রে’, ‘শেষ বিয়ার সানাই’সহ তাঁর অসংখ্য জনপ্রিয় গান রয়েছে।
গিয়াস উদ্দিন আহমদ ছাতক উপজেলার শিবনগর গ্রামে ১৯৩৫ সালের ১৪ আগস্ট জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মো. ফতেহ উল্লাহ ও মা অমুরতা বিবি। ১৯৬০ সাল থেকে তিনি বিভিন্ন মালজোড়া গানের আসরে গান করার মধ্য দিয়ে সংগীতজীবনে প্রবেশ করেন। মরমি, জারি, সারি, বিয়ের গান, বারমাইস্যা, ভাটিয়ালি, আধুনিক, দেশাত্মবোধক, পল্লীগীতি, আঞ্চলিকসহ নানা পর্যায়ের গান রচনা করেছেন। তিনি ১৯৮৯ সালে যুক্তরাজ্য সফর করেছেন।
ছাতক প্রেসক্লাবের অন্যতম এই প্রতিষ্ঠাতা ধুমপান বিরোধী সংগঠন ‘আধুনিক’-এর সংগঠক ছিলেন। তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে ‘মরিলে কান্দিস না আমার দায়’, ‘ভোটের বয়ান এবং ইত্যাদি’, ‘শেষ বিয়ার সানাই’, গিয়াসউদ্দিন রচনাসমগ্র’ উল্লেখযোগ্য। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমদ তাঁর ‘চলে যায় বসন্তের দিন’ বইয়ের ‘মরিলে কান্দিস না আমার দায়’ গানটি ব্যবহার করে সেটিকে মরণ-সংগীত অভিধায় চিহ্নিত করেছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)


