কমিউনিস্ট পার্টির সম্মেলনে কমরেড মঞ্জুরুল আহসান খান- দেশে দোষারোপের রাজনীতি চলছে

স্টাফ রিপোর্টার
সিপিবি’র কেন্দ্রীয় উপদেষ্টা কমরেড মঞ্জুরুল আহসান খান বলেছেন,‘দেশে তথাকথিত আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারা হচ্ছে। রেলে আগুন দেওয়া হচ্ছে। পুলিশের উপর আক্রমণ হচ্ছে। ঢাকার বাইরে এক পুলিশ কর্মকর্তাকে মেরে ইট দিয়ে তার পা ভেঙে দেওয়া হচ্ছে। অন্যদিকে, মানুষ হত্যার বিচার হচ্ছে না। আওয়ামীলীগ- বিএনপি এক পক্ষ অপর পক্ষকে শুধু দোষারোপের রাজনীতি করছে। নারায়ণগঞ্জে তকী হত্যার চার্জশিট দেয়ার পরও কোন বিচার হচ্ছে না। কারণ তাদের দলের শামিম ওসমান এবং তার ভাই সেলিম ওসমানদের রক্ষা করতে হবে। আওয়ামীলীগ চলে এই সব গুন্ডাদের মাধ্যমে। এদের বিচার হলে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তনু হত্যার বিচারের কোন খোঁজ খবর নেই সরকারের। তারা পুলিশ র‌্যাব প্রশাসনের মাধ্যমে কিভাবে ক্ষমতায় টিকে থাকা যায় সেই চিন্তায় মগ্ন হয়েছে। সরকার দেশে ১০ টাকা কেজি দরে চাল দিচ্ছে, কিন্তু এর সুফল পাচ্ছে তাদের নেতা কর্মীরা। সাধারণ জনগণ কিছুই পাচ্ছে না’। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় শহরের    আলফাত স্কয়ারে জেলা কমিউনিস্ট পার্টির সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে ও অ্যাড. এনাম আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শাহরিয়ার মোহাম্মদ ফিরোজ। এছাড়াও বক্তব্য রাখেন- জেলা উদীচীর সভাপতি বিজন সেন রায়, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রহমান মিজান, ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য অজিত লাল রায়, শাহজালাল সুমন, তারেক চৌধুরী প্রমুখ।
মঞ্জুরুল আহসান খান আরো বলেন,‘দেশে এখন কম টাকায় কোন চিকিৎসা নেই। অর্থাৎ গরিবের অসুখ হলে চিকিৎসা পাবে না। শিক্ষা ক্ষেত্রেও একই অবস্থা। আগে দেখেছি গরিবের ছেলেরাও এমএ পাস করেছে। পিএইচডি ডিগ্রি নিয়েছে। এখন এটি শুনবেন না। এখন যত বেশি টাকা, তত বেশি শিক্ষা। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে কৃষক-শ্রমিক মেহনতি মানুষের পার্টি কমিউনিষ্ট পার্টিকে শক্তিশালী করতে হবে’।
সম্মেলন শেষে কাউন্সিলে অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদারকে সভাপতি ও অ্যাডভোকেট এনাম আহমদকে সম্পাদক করে জেলা সিপিবি’র কমিটি গঠন করা হয়।