সু.খবর ডেস্ক
সদ্য ঘোষিত দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি নিয়ে ক্ষোভ থাকলেও এটা আর পুনর্বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
গত ১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। এরপর তিন দফায় ৪২ জন নেতার নাম ঘোষণা করা হয়। প্রায় পাঁচ মাস পর গত শনিবার ঘোষণা করা হয় ৫০২ সদস্যের জাতীয় নির্বাহী কমিটি।
কাউন্সিলের প্রদত্ত ক্ষমতাবলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেকটা এককভাবে এই কমিটি করেছেন বলে দলের নেতারা দাবি করছেন। কিন্তু পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর অনেকেই অবমূল্যায়নের অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করছেন। কেউ কেউ ইতিমধ্যে পদত্যাগ করেছেন। আরো অনেকে পদ ছেড়ে দিতে পারেন বলে শোনা যাচ্ছে।
বিএনপির মহাসচিবের কাছে এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বড় দলে অনেক যোগ্য নেতা থাকেন। কিন্তু সবাইকে দলে জায়গা দেয়া সম্ভব হয় না। কমিটি ঘোষণা হয়ে গেছে। এখন আর পুনর্বিবেচনার সুযোগ নেই।”
তিনি বলেন, “যারা বাদ পড়েছেন তাদের উপ-কমিটিতে জায়গা দেয়া হবে। যদি তাতেও সুযোগ না হয় তাহলে তাদের কাউন্সিল পর্যন্ত অপেক্ষা করতে হবে।”
বিএনপির কমিটি নিয়ে আওয়ামী লীগসহ বিভিন্ন দলের সমালোচনার জবাবে ফখরুল বলেন, “কমিটি করা দলের ব্যাপার। দলের পক্ষ থেকে কমিটি ঘোষণা করা হয়েছে। এটা নিয়ে অন্য কেউ কথা বলতে পারবেন। তবে শিষ্টাচার বলতে তো একটা কথা আছে। বিএনপির কমিটি নিয়ে যা বলা হচ্ছে এটা অনভিপ্রেত।”


