করোনায় সাবেক কৃতি ফুটবলার সাইফুল ইসলামের মৃত্যু

স্টাফ রিপোর্টার
জামালগঞ্জ উপজেলার সাচনা গ্রামের বাসিন্দা পাকিস্তান জাতীয় ফুটবল দলে সুনামগঞ্জের প্রথম ফুটবলার মো. সাইফুল ইসলাম (৮৭) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার সকালে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
জেলা প্রশাসন থেকে প্রকাশিত ‘সুনামগঞ্জ পরিচিতি’ বইয়ে উল্লেখ আছে, মো. সাইফুল ইসলাম জেলার একজন কৃতি ফুটবলার ছিলেন। একই সঙ্গে তিনি ব্যাডমিন্টন, ভলিবল ভালো খেলতেন। ১৯৬৪ সালে তিনি সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে পাকিস্তান জাতীয় দলে খেলার সুযোগ পান। তিনি অবিভক্ত পাকিস্তান জাতীয় ফুটবল দলে সুযোগ পাওয়ায় সুনামগঞ্জের প্রথম খেলোয়াড়। পরবর্তী সময়ে তিনি ব্যবসা শুরু করেন এবং জামালগঞ্জের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন।