স্টাফ রিপোর্টার
কোভিড-১৯, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে হাওরাঞ্চলের জনগনকে সচেতন করতে প্রচারণা চালিয়েছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা খেলাঘর আসরের কর্মীরা। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শনি ও মাটিয়ান হাওরপাড়ে অবস্থিত তাহিরপুর উপজেলা সদর বাজার, মধ্য তাহিরপুর , খলাহাটি ও উজান তাহিরপুর গ্রাম এবং বিভিন্ন চায়ের দোকানে এ প্রচারণা চালানো হয়েছে। প্রচার কার্যক্রমে সার্বিক সহযোগীতা করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ।
খোঁজ নিয়ে জানাযায়, ২৩ টি হাওরবেষ্টিত তাহিরপুর উপজেলায় করোনা ভাইরাস বিষয়ে জনগণের সচেতনা কম। এখন পর্যন্ত এ ভাইরাসটির ভয়াবহতা হাওরপাড়ের বাসিন্দারা ঠিকমতো অনুধাবন করতে পারছেন না। আর এ কারণেই নিজেদের কিছুটা ঝুঁকি থাকলেও হাওরপাড়ের বাসিন্দাদের মধ্যে করোনা ভাইরাস বিষয়ে জনসচেতনা চালাতে উদ্যোগ নেয় খেলাঘর আসর তাহিরপুর উপজেলা শাখা। গতকাল সোমবার সকাল থেকে শুরু হওয়া এ জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি, সংগঠনের সভাপতি গোলাম সরোয়ার লিটন, সাধারণ সম্পাদক মাকসুম মিয়া, সহ-সভাপতি আলাল উদ্দিন, তৌফিক আহমেদ, ইয়াসির আরাফাত তালুকদার অপু, সংগঠনের সদস্য আবুল হাসান রাহুল, মেজর মিয়া, রহমান মিয়া, পাবেল মিয়া, জোয়েল মিয়া,শাহ আলম, সাকিল খান, তানিম আহমেদ প্রমূখ। জনসচেতনতামূলক এ প্রচারণায় উপজেলার বাসিন্দাদের নিজ ঘরে অবস্থান করার জন্য বলা হয়েছে। বিশেষ প্রয়োজনে ঘর থেকে বের হলে মাস্ক ব্যবহার করা, গণপরিবহনে যাতায়াত না করা এবং প্রতিঘন্টায় একাধিকবার নিয়ম মেনে সাবান দিয়ে হাত পরিষ্কার করা, গ্রামের চায়ের দোকানের টিভি ও আড্ডা বন্ধ করার কথা বলা হয়।


