করোনা মোবাবিলায় দক্ষিণ সুনামগঞ্জে হচ্ছে ৭২ কমিটি

ইয়াকুব শাহরিয়ার, দ.সুনামগঞ্জ
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতন করে তুলতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৮ ইউনিয়নের ৭২টি ওয়ার্ডে গঠন করা হচ্ছে কমিটি। আর এসব কমিটি গঠনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক দিক নির্দেশনায় নেতৃত্বে থাকবেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। চলতি সপ্তাহের মধ্যেই উপজেলাব্যাপী এ কমিটি গঠন করার চেষ্টা করা হবে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়।
জানা যায়, জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি, চিকিৎসা বিষয়ক পরামর্শ ও সহায়তা প্রদান, টিকা প্রদানে উদ্বুদ্ধকরণে কাজ করাসহ অন্যান্য সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করার লক্ষ্যে সারা দেশে এ ধরণের কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রুত এ কার্যক্রম বাস্তবায়ন করতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।সারা দেশের ন্যায় চলতি সপ্তাহের মধ্যে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায়ও ধারাবাহিকভাবে গঠন করা হবে এ কমিটি। জনগণকে স্বাস্থ্য সচেতন ও সরকার কর্তৃক প্রদেয় বিধিনিষেধ সম্পর্কে জানাতে ওয়ার্ডের সচেতন মানুষকে কমিটির অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছে সরকার।
এসব কমিটিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, রাজনৈতিক নেতা, স্বাস্থ্য, যুব, কৃষি, আনসার ভিডিপির মাঠ পর্যায়ের কর্মকর্তা, মসজিদের ইমাম, এনজিও প্রতিনিধি, হাট-বাজার সমিতির নেতাসহ স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের যুক্ত রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে এ ধরণের কমিটি গঠনকে ইতিবাচকভাবেই দেখছেন উপজেলার সাধারণ সচেতন মানুষ।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, আমরা কমিটি গঠনের জন্য সকল ইউনিয়নের চেয়ারম্যানদেন দায়িত্ব দিয়েছি। ইতোমধ্যে দু’চারটি ইউনিয়নে কমিটি গঠন হয়ছে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান বলেন, আমাদেশে করোনা একেবারে গ্রাম পর্যায়ে পৌঁছে যাওয়ার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কমিটি গঠন করছি। আমরা প্রত্যেক ইউনিয়ন চেয়ারম্যানকে নির্দেশনা দিয়েছি। কিছু ওয়ার্ডে ইতোমধ্যে কমিটি করা হয়েছে। দু’একদিনের মধ্যে সব ওয়ার্ডেই কমিটি গঠন হয়ে যাবে।