দক্ষিণ সুনামগঞ্জ অফিস
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, সরকার কর্ণফুলি নদীর নীচ দিয়ে ৭ কিলোমিটার টানেল নির্মাণের কাজ করছে। আমাদের চিন্তা ভাবনায় রয়েছে যমুনার উত্তর মাথায় আরেকটি টানেল নির্মাণ করার। যা কুড়িগ্রাম ও জামালপুরের মধ্য দিয়ে যাবে। পদ্মা-যমুনায় বা বড় নদীতে আর সেতু নির্মাণ করতে চাই না। সেতু নির্মাণ হলে পলি পড়বে, নদী ভরাট হয়ে পরিবেশের ক্ষতি করবে। পৃথিবীর উন্নত দেশগুলোয় ৬০-৭০ মিটার লম্বা টানেল রয়েছে। এই টানেলের নীচ দিয়ে পরিবহন চলে, উপর দিয়ে নদী বহমান রয়েছে, তাতে সব কিছুই ঠিক থাকে।
বৃহস্পতিবার দুপুরে ‘সমন্বিত প্রচেষ্টা-সবার জন্য পুষ্টি শীর্ষক অংশগ্রহণমূলক বহুখাতভিত্তিক বার্ষিক পুষ্টি পরিকল্পনার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের প্রথমে খাবারের অভাব ছিলো, কিন্তু আজকে খাদ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। এবার পুষ্টি নিয়ে ভাবতে হবে। কোন খাবার কতটুকু খাওয়া প্রয়োজন তা আমাদের জানতে হবে। আমাদের সবার উচিত পুষ্টি নিয়ে সচেতনতা বৃদ্ধি করা। বর্তমানে বাংলাদেশের গড় আয়ু ৭৩ বছর যা প্রতিবেশি রাষ্ট্র ভারত, নেপাল, শ্রীলংকা, পাকিস্তানের চেয়ে বেশি। বাংলাদেশ দিনে দিনে উন্নত হচ্ছে, সবজী উৎপাদনে বিশ্বের মধ্যে বাংলাদেশ চতুর্থ স্থানে রয়েছে। তাছাড়া দেশে চাহিদার তুলনায় অধিক মাছ রয়েছে। মানুষ প্রতিদিনই মুরগির মাংস দিয়ে ভাত খেতে পারছে। যা আগে শুধু ঘরে মেহমান আসলে খাওয়া যেতো।
মন্ত্রী বলেন, এই ভূখ-ের জন্য বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রাম করেছিলেন। এখন অর্থনেতিক মুক্তির সংগ্রাম চলছে। এজন্য নেতৃত্বের প্রয়োজন, বঙ্গবন্ধু’র কন্যা শেখ হাসিনা সময়োপযোগী নেতৃত্ব। কাছে থেকে দেখছি, তিনি বাংলাদেশকে নিজের পরিচয়ে মাথা উঁচু করে দাঁড় করানোর চেষ্টা করছেন।
পরীকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, একসময় বিশুদ্ধ পানির অভাব ছিল। আমি নদী পুকুরের পানি খেয়েছি, আল্লাহর রহমতে বেঁচে আছি। আমার ভাই- বোন কলেরায় মারা গেছে। কার্তিক মাস আসলে প্রতিদিন কলেরায় মৃত্যুর খবর পাওয়া যেতো। এখন হাতের নাগালে টিউবওয়েল রয়েছে। আগে একেকটি গ্রামে ১-২ টি টিউবওয়েল ছিল। বিশুদ্ধ পানি নিশ্চিতের জন্য সুনামগঞ্জের বিভিন্ন ইউনিয়নের বাড়ী বাড়ী পাইপের মাধ্যমে পানি সরবরাহ করার ব্যবস্থা করবো আমরা। যার মাধ্যমে সুনামগঞ্জের হাওরাঞ্চলের মানুষ বিশুদ্ধ পানি পাবে। মাস শেষে শুধুমাত্র বিদ্যুৎ বিল হিসেবে ১০০ টাকা করে দিতে হবে।
মন্ত্রী বলেন, বাংলাদেশে আর উগ্রবাদ, জঙ্গীবাদের উত্থান হতে দেব না আমরা। সকল ধর্মের, বর্ণের মানুষকে নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে থাকবে। তিনি জানান, আগামী ২ মাসের মধ্যে দুটি ১৮ মাইলের উড়াল সেতু’র প্রকল্প অনুমোদন হবে। সুনামগঞ্জ-ধর্মপাশা- মোহনগঞ্জ পর্যন্ত বাস চলাচলও একসময় করবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে ও বিটিভি’র উপস্থাপক ফাহমিদা তৃষার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেয়ার বাংলাদেশের স্বাস্থ্য কর্মসূচির পরিচালক ডা. মো. ইখতিয়ার উদ্দিন খন্দকার, জাতীয় পুষ্টি সেবা’র লাইন ডিরেক্টর ডা. এসএম মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহা-পরিচালক ডা. মো. শাহ্নেওয়াজ, সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, ন্যাশনাল কনসালন্টেট ডা. ইকবাল কবির, কেয়ার ইউএস এর প্রতিনিধি ক্রিস্ট রয় প্রমুখ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন, কেয়ার’র কর্মকর্তা হাফিজুর রহমান ও নাজনীন রহমান।
- জ্ঞানার্জন ছাড়া সার্টিফিকেট কোনো কাজে লাগবে না -পীর মিসবাহ
- ঘুষ ও দুর্নীতির ব্যাপারে সরকারি কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর


