কর ফাঁকির প্রবণতা থেকে বেরিয়ে আসার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। ঢাকা রিপোর্টাস ইউনিটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জনগণকে কর ও ভ্যাট পরিশোধ ও এর নিয়মকানুন বুঝাতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। এই অনুষ্ঠানে অন্যান্য বক্তাদের মাধ্যমে এনবিআরকে আরও মানবিক হওয়া, ন্যুনতম করসীমা, কর পরিশোধে মানুষের অনাগ্রহ নিয়ে গবেষণা এবং এনবিআর সেবার সহজিকরণের বিষয়গুলোও আলোচিত হয়েছে। এই সেপ্টেম্বর মাস থেকেই নতুন অর্থবছরের আয়কর আদায় কাজ শুরু করা হবে। রাজধানী থেকে শুরু করে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত হবে করমেলা। করযোগ্য নাগরিকদের কর পরিশোধে উদ্বুদ্ধ করতে নানা কর্মসূচী গৃহীত হতে থাকবে। বিগত কয়েক দশক যাবৎ প্রতিবছরই দেশে অভ্যন্তরীণ খাত থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়ানো হচ্ছে। প্রতিবছরই লক্ষ্যমাত্রামাফিক না হোক কর আদায়ের পরিমাণ বাড়ছে। কর আদায় বাড়ার কারণে জাতীয় বাজেটে বৈদিশিক সাহায্য ও ঋণ নির্ভরতা কমে আসছে। আমাদের জাতীয় লক্ষ্য হলো শতভাগ নিজস্ব অর্থায়নে দেশের উন্নয়ন কাজ পরিচালনা করা। তবে এখনই হয়তো সেটি সম্ভব নয়। ২০২১ সনের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে বাজেটের অর্থায়নে জাতীয় সক্ষমতা শতভাগ অর্জনের কোন বিকল্প নেই। আমাদের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী সেই লক্ষ্য মনে রেখেই জনগণকে কর পরিশোধে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
রাজস্ব আহরণ সংক্রান্ত বিধি-বিধান আমাদের দেশে সর্বদাই জটিল ও কঠিন। সরকার বিশেষভাবে প্রচেষ্টা চালিয়ে এখন পর্যন্ত যে কাঠামো দাঁড় করাতে পেরেছে সেটিও সাধারণ মানুষের জন্য সুবোধ্য হয়ে উঠেনি। বাস্তবায়নকারী কর্তৃপক্ষের নানা কারসাজি, ছলচাতুরি ও করদাতাদের অনৈতিক সংশ্রব প্রশ্রয় পাচ্ছে এই জটিল নীতিমালার কারণেই। আমাদের চারপাশে তাকালেই দেখতে পাওয়া যাবে বছরে আড়াই লাখ টাকা উপার্জন করেন এমন ব্যক্তির সংখ্যা নেহায়েৎ কম নয়। কিন্তু যখন খবর নেয়া হয় তখন দেখা যায় এর বড় অংশই কর দিচ্ছেন না। এদের অনেকে জানেনও না তাদেরকে কর পরিশোধ করতে হবে অথবা কীভাবে সেটি পরিশোধ করতে হবে। আবার অনেক পেশাজীবী, ব্যবসায়ী, ঠিকাদার নিজেদের প্রকৃত আয়অনুরূপ কর দিচ্ছেন না। একটা কথা প্রচলিত আছে যে, ব্যবসায়ীরা নাকি দুই সেট খাতা সংরক্ষণ করেন। একটি প্রকৃত হিসাবের অন্যটি ইনকাম ট্যাক্সের। কর পরিদর্শকরা এক্ষেত্রে বিনিময়মূল্য গ্রহণের মাধ্যমে তাদেরকে অনৈতিক সহযোগিতা করেন বলে সকলেই জানেন। অন্যদিকে ভ্যাট নামক বস্তুটির সাথে আমাদের অধিকাংশ ব্যবসায়ী, ক্রেতা কিংবা সরকারি অফিসের সংশ্লিষ্টদের ধারণা একেবারেই অস্পষ্ট। ভ্যাট পন্যক্রেতা কিংবা সেবাগ্রহীতাকে পরিশোধ করতে হয়। কেউ কি বলতে পারবেন দোকান থেকে কোন জিনিস কিনে বা কোন প্রতিষ্ঠান থেকে সেবা গ্রহণ করে ভ্যাট পরিশোধ করেছেন? ব্যবসায়ী বা সেবাদাতারা ভ্যাট আদায় ও পরিশোধ বিষয়টিকে এখন পর্যন্ত রপ্ত করতে পারেননি। আমরা যখন দেশের রাজস্ব আহরণ প্রক্রিয়ার সহজিকরণ ও ব্যাপকতা কামনা করি তখন এই সব বিষয়কে অবশ্যই গুরুত্ব দিতে হবে।
কর পরিশোধ করা সুসভ্য নাগরিকের লক্ষণ। এর মাধ্যমে মানুষ রাষ্ট্রের প্রতি তার নাগরিক কর্তব্য পালন করেন। এই চর্চার সাথে সর্বত্র সুশাসন প্রতিষ্ঠা ও দেশপ্রেমের সম্পর্ক ওতপ্রোত। তাই আমাদের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর আহ্বানের সাথে একাত্ম হয়ে আমরাও আহ্বান জানাই, আসুন সকলে কর ফাঁকির প্রবণতা থেকে বেরিয়ে এসে সুসভ্য নাগরিকে পরিণত হই।

