কলেজের মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইসলামগঞ্জ ডিগ্রী কলেজে খেলার মাঠ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আয়োজনে শনিবার সকালে সুনামগঞ্জ-জামালগঞ্জ রোডে কলেজের পাশে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ আলী আহমদ সহযোগি অধ্যাপক সাজিনুর রহমান, প্রভাষক মেহেদী হাসান, ফজলুল করীম, ফজলুল হক দোলন, জামাল হোসেন, শিক্ষার্থী হিমেল চৌধুরী, আসিফ বিলাহ, সুমি বেগম, মামুন আহমদ, কবির হোসেন, সুলতানা আক্তার, রেজওয়ানা  
বেগম, মনিরা বেগম, রুবিনা আক্তার।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘ইসলামগঞ্জ এলাকার একটি পক্ষ কলেজের খেলার মাঠের ৩০ একর জায়গা দখল করে নিয়েছে। ইতিমধ্যে তারা মাঠের মাটিও কেটে নিয়েছে। স্থাপনা নির্মাণের জন্য বালি, পাথর, রড, সিমেন্টসহ অন্যান্য উপকরণ এনে মাঠে রেখেছে তারা। এই বিষয়ে সুনামগঞ্জ-৩ আসনের এমপি ও অর্থ প্রতিমন্ত্রী এম. এ. মান্নান, সুনামগঞ্জ-৪ আসনের এমপি পীর ফজলুর রহমান মিসবাহ এবং জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম সাহেবকে জানানো হয়েছে। গত ৩ মার্চ আমরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদনও জানিয়েছি। আমরা কলেজের মাঠ দখলমুক্ত চাই। প্রশাসনকে আমাদের কলেজের মাঠ দখলমুক্ত করে দেয়ার জন্য জোর দাবি জানাই।’