কাউন্সিলে সোহরাওয়ার্দী উদ্যান পাওয়ায় বিএনপির কৃতজ্ঞতা

সু.খবর ডেস্ক
বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলে সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারে অনুমতি দেওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে দলটি। শুক্রবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।
তিনি বলেন, ‘কাউন্সিল সফল করতে গঠিত সকল উপ-কমিটি তাদের কার্যক্রম শতভাগ সম্পন্ন করেছে। আমরা শঙ্কিত ছিলাম শুধুমাত্র ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্থান সংকুলান হবে কী না। শুরু থেকেই আমরা কাউন্সিলের জন্য বিআইসিসিসহ তিনটি স্থান বরাদ্দ পাওয়ার জন্য আবেদন করলেও সরকার তা নিয়ে গড়িমসি শুরু করে। তবে বৃহস্পতিবার আমাদের প্রত্যাশা অনুযায়ী কাউন্সিলের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পার্শ্ববর্তী সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারে অনুমতি দেয়ায় যথাযথ কর্তৃপক্ষকে আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
কাউন্সিল সফলতার সাথে সম্পন্ন হয়ে আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলন আরো বেগবান হবে বলে আশা প্রকাশ করে রিজভী বলেন, ‘ভঙ্গুর গণতন্ত্রের এই দেশে মানুষের হারানো অধিকার ফিরিয়ে আনতে দেশের সংগ্রামী মানুষ আজ ঐক্যবদ্ধ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থাশীল তা ইতোমধ্যে প্রতিফলিত হয়েছে।
তিনি বলেন, ‘কাউন্সিলের মাধ্যমেই বিএনপি আরো এক ধাপ শক্তিশালী সংগঠন হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় অবদান রাখবে। কাউন্সিল  সফল করতে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন বিএনপির এ নেতা।
বৃহস্পতিবার বিকেলে বিএনপির সহদফতর সম্পাদক আবদুল লতিফ জনি জানান, গণপূর্ত বিভাগের পর ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকেও সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি পাওয়া গেছে।