কাকন বিবিকে নিছক রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার থেকে বিরত থাকুন

কাকন বিবি, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী এক গ্রামের অধিবাসী খাসিয়া উপজাতীয় মহিলা। একাত্তরের রণাঙ্গণে ছিল তাঁর সাহসী ভূমিকা। মুক্তিযোদ্ধাদের পক্ষে তথ্য সংগ্রহের জন্য তিনি পাকিস্তানি ক্যাম্পে কাজ করতেন। সাহসী এই নারী স্মৃতির অন্তরালে ছিলেন দীর্ঘদিন। সুনামগঞ্জের শিকড়সন্ধানী কয়েকজন সাংবাদিকের অনুসন্ধানে ইতিহাসের এই সাহসী নারী মুক্তিযোদ্ধার কথা দেশবাসী জানতে পারেন দুই দশক আগে। মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদান বিবেচনা করে সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে আসে বীর এই নারী মুক্তিযোদ্ধাকে স্বীকৃতি, সম্মান ও সহযোগিতা দেওয়ার জন্য। সেই থেকে কাকন বিবি নামটি সারা দেশেই শ্রদ্ধা ও সম্মানের সাথে উচ্চারিত হয়ে আসছে। কাকন বিবি এখন বয়সের ভারে ন্যুজ্ব। নানা অসুখ দানা বেঁধেছে তাঁর বয়স্ক শরীরে। সহজ সরল বয়স্ক এই মহিলাকে নিয়ে এখন এলাকায় অন্য রকমের রাজনৈতিক তৎপরতা চালানোর সংবাদ পাওয়া যাচ্ছে। গত কয়েকদিন যাবৎ সুনামগঞ্জের স্থানীয় দৈনিকসমূহে কাকন বিবির বিষয়ে বেশ কয়েকটি সংবাদ প্রকাশিত হয়েছে যা তাঁর ভাবমূর্তির সাথে সঙ্গতিপূর্ণ নয়। এসব সংবাদে যা বলা হচ্ছে তার সারকথা হচ্ছে এই যে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বাগাতে এই বীর মহিলা মুক্তিযোদ্ধার ইমেজ ব্যবহার করা হচ্ছে সুকৌশলে। এজন্য দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের একটি অংশকে দায়ী করা হচ্ছে প্রত্যক্ষ/পরোক্ষভাবে। কাকন বিবিকে অসুস্থ শরীরে বিভিন্ন কারণ দেখিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। আওয়ামী লীগের ইউপি নির্বাচনসংক্রান্ত কেন্দ্রীয় সমন্বয়কারী সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে দলীয় কার্যালয়ে গিয়ে তাঁর দেখা করার একটি সচিত্র সংবাদও গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে প্রকাশিত হয়েছে। এই দেখা করার পিছনে মনোনয়ন তদবিরের বিষয়কে বিভিন্ন মহল থেকে সামনে আনা হচ্ছে যদিও স্বয়ং কাকন বিবি এই ধরনের তদবিরের কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, এলাকার একটি সেতুর দাবি জানাতে তিনি মন্ত্রীর সাথে সাক্ষাত করেছেন। অন্যদিকে কাকন বিবির মেয়ে গণমাধ্যমের নিকট বলেছেন, জনতা ব্যাংকের ডিজিএম ফোন করে কাকন বিবিকে সিলেট যেতে বলেছেন, পরে আরেকজন মেয়েকে জানিয়েছেন কাকন বিবি ঢাকা যাচ্ছেন। আবার আওয়ামী লীগের জেলা সভাপতি সেতুমন্ত্রীর কাছে কোন একজন রাজাকার বিষয়ে কাকন বিবিকে কথা বলতে শুনেছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। এইসব বিভ্রান্তিকর তথ্য কাকন বিবির ঢাকা যাওয়াকে যথেষ্ট পরিমাণে সন্দিগ্ধ করে তুলছে। তিনি যদি সত্যিই একটি সেতুর তদবিরে ঢাকা গিয়ে থাকেন তাহলে এ নিয়ে এত লুকোচুরির কারণ কি? অন্যদিকে কাকন বিবির বর্তমান বয়স ও শারীরিক সক্ষমতা তাঁর দ্বারা স্বাধীনভাবে চরাফেরা ও কাজকর্ম করার অনুকূলে নয় বলেই ধরে নেওয়া সঙ্গত। সুতরাং কাকন বিবির ঢাকা যাওয়ার সাথে যে আসন্ন ইউপি নির্বাচনের একটি প্রচ্ছন্ন সম্পর্ক রয়েছে সেটি বুঝা যায়।
যে বা যারাই কাকন বিবিকে নির্বাচন সংক্রান্ত তদবিরে ব্যবহার করেন না কেন কাজটি যে মোটেই সমীচীন হয়নি সেটি বুঝতে হবে। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা সম্পর্কে জনমনে একটি নেতিবাচক ধারণা গড়ে উঠে। সামান্য কারণে এরকমটি হওয়া একেবারেই অনভিপ্রেত ও অনাকাক্সিক্ষত। আমরা মনে করি যা হয়েছে সেখানেই বিষয়টির সমাপ্তি টানা উচিৎ। একজন সহজ সরল বয়োবৃদ্ধ মুক্তিযোদ্ধাকে বিভ্রান্ত করে তাঁর ইমেজ ব্যবহারে যারা তৎপর রয়েছেন সকলের তাদেরকে চিনে রাখা উচিৎ। নতুবা এক সাগর রক্ত পাড়ি দেওয়া বাঙালি জাতির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মহিমা মুক্তিযুদ্ধ সম্পর্কে নতুন প্রজন্ম যে ধারণা লাভ করবে তাতে আমাদের যাবতীয় অর্জন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।