স্টাফ রিপোর্টার
দিরাই রাস্তার কাঠইরের বেইলি ব্রিজ ভেঙে সুনামগঞ্জ-দিরাই, সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়ক যোগাযোগ বন্ধ ছিল প্রায় ১৮ ঘণ্টা। বৃহস্পতিবার রাত ১০ টায় গাছ বোঝাই একটি ট্রাক ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় এ ব্রিজটি ভেঙে পড়ে গিয়েছিল। সড়ক ও জনপথ বিভাগের লোকজন অনেক চেষ্টা করে শুক্রবার বিকাল ৪টায় ভেঙ্গে যাওয়া সেতু মেরামত করে দেন। এরপর ওই সড়কে যান চলাচল শুরু হয়।
স্থানীয়রা জানান, রাতে অতিরিক্ত গাছ বোঝাই একটি বড় ট্রাক দিরাই এলাকার স-মিলে যাচ্ছিল। কিন্তু ওই ট্রাকের ওজনের তুলনায় ব্রিজটি ছিলো খুবই দুর্বল। এর আগেও ব্রিজটি দুটি ট্রাক ওঠার ফলে ভেঙে গিয়েছিল। এদিকে কাঠইর ব্রিজ ভেঙ্গে পড়ায় সুনামগঞ্জ-দিরাই ও সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়কের ব্রিজের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়েছিল। দূরপাল্লার যাত্রীরাও পড়েছিলেন চরম ভোগান্তিতে। সকাল থেকে পুলিশের সহযোগিতায় ব্রিজটি মেরামতের কাজ করে সড়ক ও জনপথ বিভাগের লোকজন। অবশেষে বিকাল ৪ টায় ভেঙ্গে যাওয়া ব্রিজটি মেরামত করতে সক্ষম হণ তারা।
লেগুনা চালক রফিক মিয়া ও সিএনজি চালক আবু তাহের বলেন,‘রাতে দিরাই গিয়েছিলাম ফেরার পথে হঠাৎ খবর পাই গাছ বোঝাই একটি ট্রাক কাঠইর ব্রিজ ভেঙ্গে ফেলেছে। সুনামগঞ্জ শহরে আসার অন্য কোন রাস্তা না পেয়ে সারা রাত ও শুক্রবার প্রায় দিনের অধিকাংশ সময়ই রাস্তার পশ্চিম অংশে আটকা পড়েছিলাম। আমাদের মত অনেক গাড়ি রাস্তার দুই পাশে আটকা পড়েছিল। পরে বিকালে ব্রিজ মেরামত করার পর শহরে আসি।’
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আমিন জানান, ব্রিজটি রাতের বেলা ভাঙার কারণে তাৎক্ষণিকভাবে কোন ব্যবস্থা নেওয়া যায় নি। তবে সকাল থেকে আমাদের লোকজন যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য দ্রুত গতিতে কাজ করেছেন। বিকালে সেতুটি মেরামত করা হয়েছে এবং যান চলাচল শুরু হয়েছে।’
- পুলিশের চোখে তিনি পলাতক! জামালগঞ্জে বহাল তবিয়তে আছেন বিশেষ ক্ষমতা মামলার আসামী
- ‘গ্রামীণ সড়ক সংকুচিত করেও ৫ সেতু নির্মাণ জরুরি’


