কাণ্ডজ্ঞানহীন…

ছাতক প্রতিনিধি
ছাতকে শহীদ মিনারকে মঞ্চ বানিয়ে জুতা পায়ে মহান বিজয় দিবসের আলোচনা সভায় মিলিত হয়েছেন আ.লীগ, জামাত ও যুবদলের নেতারা। শহীদ মিনার মঞ্চে আ.লীগ জামাতের বিজয় দিবসের আলোচনা সভা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার দোলারবাজার ইউনিয়নের পালপুর উচ্চ বিদ্যালয়ে এই আলোচনা সভা হয়। বিদ্যালয়ের অভ্যন্তরস্থ শহীদ মিনারকে ডেকোরেটরের পর্দা দিয়ে মুড়িয়ে নির্মাণ করা হয় একটি দায়সারা মঞ্চ।  এক পর্যায়ে একে-একে জামাত ও আ.লীগ নেতারা মঞ্চে আসন গ্রহণ করেন। এ সময় শহীদ মিনার মঞ্চে অধিষ্ঠিত সকল নেতাদের পায়ে ছিল জুতা।
ওয়ার্ড আ.লীগের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও স্থানীয় শিবির কর্মী মাহবুবের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জামাত নেতা আকিকুর রহমান আকিক, ইউপি সদস্য ও জামাত নেতা আব্দুল জলিল, মোস্তাকুর রহমান, আ.লীগ   নেতা আশক আলী, যুবদল নেতা কামাল আহমদ প্রমুখ।
বিদ্যালয় কর্তৃপক্ষের এমন আয়োজন ইচ্ছেকৃতভাবেই ঘটানো হয়েছে বলে অনেকেই মন্তব্য করেছেন। এতে এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি শায়েস্থা মিয়া জানান, বিদ্যালয়ে বিজয় দিবসের আলোচনা সভার কথা তিনি জানেন না। তবে শহীদ মিনারে জুতা পায়ে সভা করা কখনই সমর্থন যোগ্য নয়।