স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের ঘরে থাকা শ্রমজীবীরা এখনো সরকারি সহায়তা পায়নি। অথচ. সদর উপজেলার ৮টি ইউনিয়নসহ জেলার ১১ উপজেলার ৮৭ ইউনিয়নে দ্বিতীয় দফা সহায়তা বণ্ঠন শেষে তৃতীয় দফার সহায়তা বিতরণের প্রস্তুতি শুরু হয়েছে। কিন্তু রহস্যজনক কারণে মোহনপুর ইউপি চেয়ারম্যান মো. নূরুল হক এখনো ইউনিয়নের সাড়ে চারশ মানুষকে ত্রাণ সহায়তা দেননি। প্রথম কিস্তির পণ্য কেনার জন্য সরকার যে নগদ বরাদ্দ দিয়েছিল, সেই বরাদ্দও বণ্ঠন হয়নি বলে অভিযোগ রয়েছে।
বিষয়টি জেনে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ওই ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর নির্দেশনা দিয়েছেন।
মোহনপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. জাকির হোসেন বলেন, কয়েকদিন আগে আমরা দ্বিতীয় দফা ত্রাণ পেয়েছি। ত্রাণ পাবার পর আমি চেয়ারম্যান মহোদয়কে বিতরণ করার অনুরোধও করেছি। তিনি কেন বিলম্ব করছেন আমি জানি না। আজ ইউএনও ম্যাডাম আমার কাছে বিষয়টি জানতে চাইলে, আমি বলেছি এখনো ত্রাণ বিতরণ হয়নি।
ইউপি চেয়ারম্যান ও জাপা নেতা মো. নূরুল হক মুঠোফোন রিসিভ না করায় এই বিষয়ে তার বক্তব্য উদ্ধৃত করা যায় নি।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, আমি সকালে বিষয়টি অবগত হবার পরই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিতে বলেছি। অসহায় মানুষের জন্য দেওয়া সরকারি সহায়তা নিয়ে কোন অনিয়ম বা গাফিলতি সহ্য করা হবেনা।


