কারেন্ট জাল, কোনা জাল ব্যবহার না করার শপথ নিন -জয়াসেন গুপ্তা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তা বলেন, ‘আমি কোন বক্তব্য দিতে চাই না, আমি মৎস্যজীবী ভাইদের সব দুখ কষ্টের কথা শুনতে চাই। আপনারা আমাকে আজ আপনাদের মন খুলে সব কথা বলুন।’ জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. জয়াসেন গুপ্তা এসব কথা বলেন।
তিনি বলেন, আজ আপনাদের শপথ করতে হবে আপনারা কেউ ছোট মাছ ধরবেন না, ছোট মাছ ধরলে আপনাদেরই      
ক্ষতি। কেননা যে মাছ বড় হলে ধরলে আমরা পাঁচগুণ পয়সা পাই সে মাছ ছোট থাকতে ধরলে আমাদেরই ক্ষতি। এই ক্ষতি থেকে আমাদের রক্ষা পেতে আজ শপথ নিতে হবে আর কারেন্ট জাল, কোনা জাল ব্যবহার করব না।’
তিনি আরো বলেন, মৎস্যজীবী অফিসের কাছে আমার অনুরোধ যে প্রকৃত মৎস্যজীবী মানুষ যেন মৎস্য কার্ডটি পান। আমি সঠিক কি না জানি না তবে আমার কাছে একটি তথ্য আছে যারা মৎস্যজীবী নয় তাদেরকে কার্ড প্রদান করা হচ্ছে। ভবিষ্যৎতে তারা যেন এই কাজটি না করেন। প্রকৃত মৎস্যজীবীকে যেন কার্ডটি দেওয়া হয় যারা কষ্ট করে মাছ মারেন।
বুধবার দুপুরে দিরাই মৎস্য অধিদপ্তরের আয়োজনে দিরাই উপজেলা গণমিলনায়তনে সিনিয়র মৎস্য কর্মকর্তা সরিফুল আলমের সভাপতিত্বে  জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিরাই সহকারী মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফীজুর রহমান তালুকদার, ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. সোহেল আহমদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, যুব লীগের সভাপতি রঞ্জন রায়, সহকারী মৎস্য  কর্মকর্তা  মাসুদ জামান খান প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানের পূর্বে দিরাই উপজেলা পরিষদ থেকে র‌্যালী বের হয়। পরে উপজেলা পরিষদের সামনের পুকুরে বিভিন্ন রকমের পোনা মাছ অবমুক্ত করা হয়।