স্বপন কুমার বর্মন ও কাজী সালেহ আহমদ
বিশ্বম্ভরপুর ও সদর উপজেলায় বৃহস্পতিবার গভীর রাতে কালবৈশাখীর তান্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে অন্তত ৩০টি গ্রাম। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত কয়েক দফা ঝড় আঘাত করে এসব গ্রামে। ঝড়ে বিধ্বস্ত ঘর চাপা পড়ে এক শিশু নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে। নিহত শিশুর নাম তানজিনা আক্তার (১৩), সে সলুকাবাদ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ফজল মিয়ার মেয়ে। তানজিনা আক্তার স্থানীয় ব্র্যাক স্কুলের ৫ম শ্রেণীর মেধাবী ছাত্রী ছিল।
নিহত তানজিনার বাবা ফজর আলী (৫২) ও তার ভাই সুমন মিয়া (৯) আহত হয়েছেন। গুরুতর আহত সুমন মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝড়ে এলাকার বিভিন্ন গ্রামের প্রায় পাঁচ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত এবং শত শত গাছপালা উপড়ে গেছে। ঝড়ে বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার, বিশ্বম্ভরপুর উপজেলা সহকারি (ভূমি) মো. তালুত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, থানার ওসি শহিদুর রহমান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সম্পাদক সালেহ আহমদসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। নিহত তানজিনা আক্তারের পরিবারকে জেলা প্রশাসন ৫ হাজার ও উপজেলা প্রশাসন ৩ হাজার টাকা অর্থ সহায়তা করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার পর বৃষ্টির সাথে কালবৈশাখী ঝড় শুরু হলে উপজেলার সলুকাবাদ ইউপির জগন্নাথপুর, চালবন্দ, ভাতেরটেক, জিনারপুর, আক্তাপাড়া, ধনপুর ইউপির সরূপগঞ্জ, সোনাতলা, মহেন্দ্রনগর, ধনপুর বাজার, হালাবাদী, ছাতারকোনা, পলাশ ইউপির পলাশ, আলীপুর, জনতাবাজার, পলাশ বাজার, বাদাঘাট দক্ষিণ ইউপির শক্তিয়ারখলা বাজার, সিরাজগঞ্জ, বাগগাঁও, পুরানগাঁও, মিরারচর, বাঘমারা, ভাটিপাড়া, দুর্গাপুর, ফতেপুর ইউপির বিশ্বম্ভরপুর, বাগেরকান্দা,রাজাপুর ও নুতন হাটিসহ বিভিন্ন গ্রামের প্রায় পাঁচ শতাধিক কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে শত শত গাছপালা উপড়ে পড়েছে। ঝড়ে কাঁচা ঘরবাড়ি ও গাছপালা উপড়ে পড়ে আহতদের বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
চালবন্দ গ্রামের তৈয়বুর রহমান বলেন,‘ঘরবাড়ির চেয়ে সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে ফলন্ত গাছপালার। এমন কোন বাড়ি নেই যে অন্তত একটা হলেও কাঠাল গাছ ঝড়ে নষ্ট হয়নি। হাজার হাজার কাঠাল ও আম গাছ ঝড়ে ভেঙে পড়েছে। আর কিছু দিন পরই এসব গাছের আম-কাঠাল বাজারে বিক্রি করা যেত। ’
পলাশ বাজার পরিচালনা কমিটির সভাপতি সোহেল আহমদ বলেন,‘এমন কাল বৈশাখী ঝড় জীবনেও দেখিনি। বাজারের অন্তত শতাধিক দোকানঘরের চালা উড়িয়ে নিয়ে গেছে। এলাকার হাজার হাজার গাছ ভেঙে পড়েছে।
উপজেলা মেরুয়াখলা গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ কেচু মিয়া বলেন,‘যে ভাবে ঝড় শুরু হয়েছিল ভেবেছিলাম এলাকার কোন ঘরবাড়ি আর থাকবে না। ’
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার বলেন,‘কালবৈশাখী ঝড় সমগ্র উপজেলা জুড়ে তান্ডব চালিয়েছে। অন্তত এক হাজার কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের দ্রুত সরকারি ত্রাণ সহায়তা দিতে হবে।’
বিশ^ম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড়ে উপজেলার বেশ কিছু গ্রামের কাঁচা ঘরবাড়ি ও গাছপালার ক্ষতি হয়েছে। ঝড়ে বসতঘর চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো জানা যায় নি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন,‘কালবৈশাখী ঝড়ে উপজেলার ৫টি ইউনিয়নের অন্তত ২০ টি গ্রামের প্রায় ৫’ শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে পড়েছে। অনেক গাছপালা উপড়ে ও ভেঙে পড়েছে। গাছপালা উপড়ে পড়ে বেশ কয়েকজন মানুষ আহত হয়েছে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। ’
- আওয়ামী লীগের মনোনয়ন বিষয়ে জেলা সভাপতি ও সম্পাদকের মতভিন্নতা
- ভ্রমণ বেড়াতে ভারত-উত্তর থেকে উত্তরাখণ্ড১৬


