কালারুকায় জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর- মামলা শুধু সংঘর্ষের

স্টাফ রিপোর্টার
ছাতকের কালারুকা বাজারের জেলা অটো টেম্পু অটো রিকশা বেবী টেক্সী, টেক্সী ক্যাব, মিশুক শ্রমিক ইউনিয়নের উপ কার্যালয় (রেজি. নং- চট্ট ১৬৯৩/৯৩) এর অফিস ভাংচুর ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের ঘটনায় সঠিক আইনে মামলা না নেয়ার অভিযোগ উঠেছে।
ছাতক থানার পুলিশ ঘটনার অভিযোগের বিষয়ে মারামারি ও সংঘর্ষের ঘটনায় মামলা রেকর্ড করলেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের ঘটনাটি কৌশলে বাদ দেয়া হয়েছে।
মামলার বাদী শ্রমিক উনিয়নের সাধারণ সম্পাদক মো. রিজু ইসলাম রবিবার দুপুরে জানান, গত বুধবার বিকালে কালারুকায় শ্রমিক ইউনিয়নের তাদের কার্যালয়ে হামলা চালায় ছাতকের জেলা টেম্পু, অটো রিকশা, বেবী টেক্সী, শ্রমিক ইউনিয়নের উপ কার্যালয় (রেজি. নং- চট্ট ১৯২৬) এর নেতা বোরহান উদ্দিনের নেতৃত্ব ২৫ জন শ্রমিক । তারা  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে। এঘটনায় রাতেই তিনি (মো. রিজু ইসলাম) বাদী বোরহান উদ্দিনসহ ২৫ জনের নামে লিখিত অভিযোগ করেন। কিন্তু পুলিশ ঘটনার দুই দিন পর শুক্রবার মামলা রেকর্ড করে। তবে জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের বিষয়টি কৌশলে বাদ দেয়া হয়। শুধুমাত্র মারামারি ও অফিস ঘর ভাংচুরের অভিযোগে অভিযুক্ত করা আসামীদের। এদিকে ঘটনার ৫দিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে নি।
এ ব্যাপারে ছাতক থানার ওসি আশেক সুজা মামুন দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন,‘ শ্রমিক ইউনিয়নের দায়ের করা লিখিত অভিযোগের বিষয়ে থানায় মামলা হয়েছে। লিখিত অভিযোগে যা রয়েছে তাই এজাহারে রেকর্ড করা হয়েছে। আসামীদের গ্রেফতার করার চেষ্টা অব্যাহত আছে, মামলার তদন্তও চলছে। তদন্ত প্রমাণিত হলে বিষয়টি পরে অন্তর্ভুক্ত করা হবে।’