কালেক্টরেট কর্মচারীদের কর্মবিরতি চলছে

স্টাফ রিপোর্টার
পদবি ও বেতন গ্রেড উন্নীত করণের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতিতে রয়েছে মাঠ প্রশাসনে কর্মরত তৃতীয় শ্রেণির সরকারী কর্মচারীরা। বুধবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২য় দিনের পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হয়েছে। কর্মবিরতি পালনকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থান ও সমাবেশ করছেন কর্মচারীগণ। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে দেখা যায় প্রশাসনের কর্মচারীদের সবগুলো চেয়ার খালি। কেউ-ই অফিস কক্ষে নেই। হাজিরা খাতায় স্বাক্ষর করে কর্মচারীগণ কর্মসূচিতে যোগদান করেছেন। জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা
ম্যাজিস্ট্রেটের গোপনীয় শাখা, জেএম শাখা, শিক্ষা ও কল্যাণ শাখা, সংস্থাপন শাখা, আইসিটি শাখা, স্থানীয় সরকার শাখা, এল.এ শাখা, তথ্য অভিযোগ শাখা, রাজস্ব শাখাসহ সকল শাখায় কর্মরত কর্মচারীগণ কর্মবিরতি পালন করছেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ ম্যাজিস্ট্রেট আদালতে মামলার কার্যক্রমও বন্ধ ছিল। ফ্রন্ট ডেস্কেও কোন কর্মচারী কাজ করেননি। উপজেলা পর্যায়েও একই অবস্থার সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসের কার্যালয়ের সহকারীগণ কর্মবিরতি পালন করেছেন। সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আতাউর রহমান সভাপতিত্বে সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবারও সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কোন ধরনের অফিসিয়াল কাজে অংশ নেবেন না তারা। এ সময় কর্মচারীরা জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে অবস্থান করে সভা সমাবেশ করবে।