স্টাফ রিপোর্টার
পদবি ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতিতে রয়েছে মাঠ প্রশাসনে কর্মরত তৃতীয় শ্রেণির সরকারী কর্মচারীরা। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) ব্যানারে মঙ্গলবার থেকে তিন দিনের পূর্ণ দিবস কর্মবিরতি শুরু হয়। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলায় বিভাগীয়, জেলা ও উপজেলা মাঠ প্রশাসনে কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। কর্মবিরতি চলাকালে আদালত ভবন প্রাঙ্গণে অবস্থান করেন কর্মচারীরা।
সমিতি সূত্রে জানা গেছে, জেলায় জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী অফিস ও ভূমি কার্যালয়ে তৃতীয় শ্রেণির (১৩-১৬ গ্রেড) ২ শতাধিক কর্মচারী রয়েছেন। মাঠ প্রশাসনের বেশিরভাগ কর্মচারী অফিস সহকারী থেকে পদোন্নতির সুযোগ পাচ্ছেন না। অফিস সহকারী হিসেবেই চাকরি জীবন শেষ করতে হচ্ছে তাদের। পদোন্নতির কোন পদক্ষেপ নেয়নি জনপ্রশাসন মন্ত্রণালয়।
বাকাসস’র সুনামগঞ্জ শাখার সভাপতি মো. আতাউর রহমান জানান, দীর্ঘদিন ধরে এ দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু তা মানা হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দেয়ার পরও দাবি না মানা রহস্যজনক। সমাজে আমরা হেয় হচ্ছি। মান মর্যাদা বলতে কিছুই থাকছে না।
বাকাসস’র সুনামগঞ্জ এর সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে কোন ধরনের কাজই হবে না। সকল কর্মচারী কর্মবিরতি পালন করবেন।


