কিশোরগঞ্জের অপহৃত শিশু জগন্নাথপুর থেকে উদ্ধার অপহরণকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার খড়কমারা গ্রাম থেকে অপহৃত এক স্কুল ছাত্রীকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি গ্রাম থেকে উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
সোমবার দুপুর পৌনে ২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মো. আফজাল হোসেনের নেতৃত্বে অপহৃত শিশু অপহরণকারী  হোতা কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মানিকদী গ্রামের শহীদ মিয়ার ছেলে রাজিব মিয়া (২২) কে জগন্নাথপুরের শ্রীরামসি গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে কিশোরগঞ্জ        
জেলার কুলিয়ারচর থানার খড়কমারা গ্রামের ১৩ বছর বয়সী অপহৃত এক স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়।
জানা যায়, গত ১৯ মার্চ সকাল ১০ টায় কুলিয়ারচর মডেল স্কুলে যাওয়ার পথে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার খড়কমারা গ্রামের এক স্কুল ছাত্রীকে অপহরণ করেন রাজীব মিয়া। ছুরি দিয়ে ভয় দেখিয়ে ওই স্কুল ছাত্রীকে অপহরণ করে একটি সিএনজিতে তুলে নিয়া যায় এবং পরের দিন স্কুল ছাত্রীর বাবার কাছে মোবাইল ফোনে মুক্তিপন বাবদ ৫০ হাজার টাকা দাবি করে। এ ঘটনায় অপহৃত শিশুর বাবা কুলিয়ারচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। র‌্যাব গ্রেফতারকৃত অপহরণকারী রাজিব মিয়া এবং উদ্ধারকৃত শিশুকে কুলিয়ারচর থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।