কুমিল্লা বিভাগের নাম হবে ‘ময়নামতি’

সু.খবর ডেস্ক
এখন থেকে জেলার নামে আর কোনো বিভাগের নামকরণ করা হবে না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হম মুস্তফা কামাল। তিনি বলেন, শিগগিরই বিভাগ হিসেবে কুমিল্লার নাম ঘোষণা করা হবে। এর নাম হবে ময়নামতি। এ নিয়ে দেশে মোট বিভাগের সংখ্যা দাঁড়াবে নয়টিতে। মঙ্গলবার দুপুরে শেরে বাংলা নগরে একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
মুস্তফা কামাল বলেন, ‘আজকে প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, কুমিল্লা বিভাগের নাম ময়নামতি রাখা হবে। ভবিষ্যতে কোনো জেলার নামে আর বিভাগ হবে না। নতুন নামকরণ করা হবে।’ প্রস্তাবিত কুমিল্লা বিভাগকে ময়নামতি নামকরণ করায় কুমিল্লাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
১১ প্রকল্প অনুমোদন
মুস্তফা কামাল বলেন, আজকের একনেকের বৈঠকে ৩ হাজার ৬৮৪ কোটি টাকা ব্যয়ে ১১টি উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।
এর মধ্যে প্রকল্প সাহায্য পাওয়া যাবে ৯৫৪ কোটি ৮ লাখ টাকা। বাকি টাকার মধ্যে জিওবি থেকে আসবে দুই হাজার ৬৪১ কোটি ৯৯ লাখ টাকা। এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে আসবে ৮৮ কোটি ৪৩ লাখ টাকা।
অনুমোদিত প্রকল্পগুলো হলো, বাংলাদেশ আঞ্চলিক আবহাওয়া ও জলবায়ু সেবা প্রকল্প। এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৯৭৯ কোটি ৯৮ লাখ টাকা। আলীকদম-জালানীপাড়া-করুকপাতা-পোয়ামুহুরী সড়ক নির্মাণ প্রকল্প। এর ব্যয় ধরা হয়েছে ৩৭৪ কোটি ১ লাখ টাকা। গোপালগঞ্জ এবং বাগেরহাট পৌরসভায় পানি সরবরাহ ও এনভায়রনমেন্টাল স্যানিটেশন ব্যবস্থার উন্নতিকরণ প্রকল্প, যাতে ব্যয় ধরা হয়েছে ১৬৫ কোটি ১৯ লাখ টাকা। কোর্ট হতে রাজশাহী বাইপাস সড়ক পর্যন্ত সড়ক প্রশস্তকরণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ১০৬ কোটি ৫৮ লাখ টাকা।
বৃহত্তর নোয়াখালী পল্লী অবকাঠামো উন্নয়ন-২ (প্রথম সংশোধিত) প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৫৯২ কোটি ৬৯ লাখ টাকা। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৩৪০ কোটি ১৩ লাখ টাকা। উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ২৫০ কোটি ৫৬ লাখ টাকা। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন (প্রথম সংশোধিত) প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ১৮৩ কোটি ৬৫ লাখ টাকা। ঢাকা কারিগরি শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট স্থাপন প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৮৬ কোটি টাকা। সাভার সেনানিবাসে মিলিটারি পুলিশ সেন্টার ও স্কুল নির্মাণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ১৬৩ কোটি ৫৭ লাখ টাকা।
এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এলইডি সড়কবাতি, সিসিটিভি, ক্যামেরাও সিসিটিভি কন্ট্রোল সেন্টার সরবরাহ ও স্থাপন প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৪৪২ কোটি ১৪ লাখ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব জিয়াউল ইসলাম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কে এম মোজাম্মেল হক এবং ভৌত অবকাঠামো বিভাগের সদস্য জুয়েনা আজিজ।