কুশিয়ারার ভাঙ্গন পরিদর্শন করলেন মন্ত্রী

জগন্নাথপুর অফিস
মহাজোটের অন্যতম শরিকদল জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেনে,‘বর্তমান সরকার উন্নয়নের সরকার।
তাই সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ সরকারের মন্ত্রীরা গ্রামগঞ্জের  প্রত্যন্ত এলাকায় ঘুরে উন্নয়নের জন্য জনগণকে সাথে নিয়ে কাজ করছেন।’
রবিবার বিকেলে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ফেচির বাজার এলাকায় কুশিয়ারা নদীর ভাঙন কবলিত এলাকা সরেজমিনে পরির্দশন করে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
এসময় মন্ত্রী স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপির আহ্বানে কুশিয়ারা নদীর ভাঙ্গন কবলতি এলাকায় প্রকল্প গ্রহণ করার ঘোষণা দিয়ে বলেন,‘স্থানীয় এই সাংসদের আহ্বানকে আমরা নির্দেশ হিসেবে মনে করে এখানে দ্রুত প্রকল্প গ্রহণ করতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি।’
ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আজাদ কাবেরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল খয়ের ইছরাইলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেন,‘আওয়ামী লীগ হচ্ছে এদেশের গরিব দুঃখী মেহনতি মানুষের সংগঠন। বাঙালি জাতির দীর্ঘ বঞ্চনার ইতিহাস মুক্ত করে একটি গৌরবময় সাহসী জাতিতে রূপান্তরিত করতে জাতির জনক বঙ্গবন্ধু কাজ করেছিলেন। এই মহান নেতার আদর্শের রাজনৈতিক দল আওয়ামীলীগ দেশের উন্নয়নে কাজ করছে। তাইতো বিদেশীরা এখন আমাদেরকে সালাম দেয়, বিশ্ব ব্যাংক দরজায় এসে কড়া নাড়ে। বাংলাদেশ এখন আনবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করছে। পদ্মাসেতুর মতো বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করে বিশ্বকে অবাক করে দিয়েছে।’
সভায় বিশেষ অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী নরসিংদি জেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বীর প্রতীক বলেন,‘এদেশের মানুষ স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাসী। দেশে স্বাধীনতা ও গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। একটি দল স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করে না তারা জাতিকে বিভ্রান্ত করতে ধ্বংসাত্বক রাজনীতি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তাদের সেই স্বপ্ন আর কোন দিন এদেশে পূরণ হবে না’। তিনি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানকে জাতীয় সংসদের একজন সৎ সজ্জন ও বিচক্ষণ রাজনীতিবিদ ও মন্ত্রী হিসেবে অভিহিত করে বলেন,‘তাঁর নির্বাচনী এলাকার নদী ভাঙন রোধে আমরা কাজ করব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডা. আছকির খান, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান মুরাদ, খায়রুল ইসলাম মেম্বার প্রমুখ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাওর উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আফরোজা বেগম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আব্দুল হাই বাকী, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, মশহুদ আহমদ  প্রমুখ। জনসভার পূর্বে তিন মন্ত্রী কুশিয়ারা নদী ঘুরে নদী ভাঙন সরেজমিনে পরির্দশন করেন।