কুশিয়ারা নদীর তীরে আহাজারি-নদীগর্ভে বিলিন হচ্ছে শাল্লার ফয়জুল্লাপুর

পি সি দাশ পীযূষ, শাল্লা
শাল্লায় কুশিয়ারা নদীগর্ভে বিলিন হয়ে যাচ্ছে ফয়জুল্লাপুরসহ বেশ কয়েকটি গ্রাম। সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার হবিবপুর ইউনিয়নের পুর্ব দিকে কুশিয়ারা নদীর ভাঙ্গনে ফয়জুল্লাপুর গ্রামের ৪ টি পাড়া, মসজিদ, কবরস্থান, ঈদগাহ, খেলার মাঠ, স্কুলসহ বহু কৃষি জমি নদীগর্ভে বিলিন হচ্ছে। এই অবস্থায় হাহাকার করছে নদীতে বিলীন হয়ে যাওয়া পরিবারের নারী পুরুষ শিশু সহ এলাকার লোকজন। সোমবার বেলা ১২ টার দিকে ভাঙ্গন এলাকায় ছবি তুলার সময় গ্রামের কয়েকজন নারী পুরুষ ছুটে এসে বলেন সাংবাদিক বাবাজি, আমাদের এই করুণ দশা পত্রিকায় লিখবা। লেখা দেখে যদি কোন কর্মকর্তা আমাদের দিকে চোখ দেয় তা হলে কিছু একটা হবে, তা না হলে যেভাবে নদী ভাংছে বাপ দাদার ভিটা কয়েক দিনের মধ্যে নদীতে চলে যাবে । এসময় গ্রামের নুরনাহার বেগম, রাবেয়া খাতুন, সাবেক ইউপি সদস্য ওমর ফারুক, শহীদ মিয়া ,রমিজ আলী, রুসন আলী, শরিফ উদ্দিন মাষ্টার বলেন, নদী ভাঙ্গনে গ্রামের বহু পরিবার গ্রাম ছাড়া হয়েছে। আবার বহু পরিবার গ্রামের আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়ে কোন রকমে দিন কাটাচ্ছে।
হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বলেন বাহাড়া ইউনিয়নের প্রতাপপুর গ্রামের পাশে নদী ভাংগন প্রতিরোধে কাজ   
শুরু হয়েছে। তবে ফয়জুল্লাপুর গ্রামের বেশ কয়েকটি পাড়া খুবই ঝুঁকির মধ্যে রয়েছে। প্রতিদিন কয়েকটি পরিবার অন্যত্র চলে যাচ্ছে
তিনি বলেন ফয়জুল্লাপুরের নদী ভাঙ্গনের কাজটি শুরু হবে হবে বলে শুনা যাচ্ছে, কিন্তু হচ্ছে না। এই নদী ভাঙ্গন প্রতিরোধ না  হলে ফয়জুল্লাপুরের আরো বেশ কয়েকটি পাড়া, বিষ্ণুপুর গ্রাম,  ২ টি বাজার, খেলার মাঠ, মসজিদ, মন্দির বিলিন হয়ে যাবে ।
উপজেলা পরিষদ চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার বলেন, ‘নদী ভাঙ্গন এলাকাটি আমি দেখেছি, অবস্থা ভয়াবহ, জরুরী ভিত্তিতে নদী ভাঙ্গন ঠেকাতে হবে অন্যথায় ফয়জুল্লাপুর এলাকার সব কিছু নদী গর্ভে বিলিন হবে।’ এই ভাঙ্গন রোধে জরুরী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেন তিনি।