সুখেন্দু সেন
তোমাকে যতই ভাঙতে চাই
একটুও ভাঙনা,
নরম কাদামাটি অদৃশ্য মৃৎশিল্পীর
হাতের ছোঁয়ায়
বার বার হয়ে উঠো নূতন কিছু।
কত চেষ্টা করে তোমাকে হারাতে চাই
অথচ কেমন যত্ন করে
জয় পরাজয়ের ব্যবধান এতই কমাও যে
আমাকে হারাও না বটে
তবু তুমি জিতে যাও অবলীলায়
আমার নিরন্তর অস্থিরতায়, তথাপি
স্থির অমলিন,
দুপুরের শান্ত পুকুরের কাকচক্ষু জলের ভেতর
স্নিগ্ধ ছায়ার মত
তুমি তেবলই ছায়া দাও,
দাও সুখের পরশ,
সহিষ্ণু বৃক্ষের মতন।
বৃক্ষেরা হারে না কখনও
সৃষ্টির আদিকাল থেকে
মাটির বেদনা নিংড়ে বেড়ে উঠে,
পৃথিবীর বুকের পাজরের সাথে তার
অটুট মেলবন্ধন, চিরকালের।


