দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জ -২ (দিরাই-শাল্লা) আসনের এমপি ড. জয়া সেনগুপ্তা বলেছেন, ‘অকাল বন্যার হাত থেকে হাওর রক্ষায় সরকার বিশেষ পদক্ষেপ নিচ্ছে। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষকের প্রতি শ্রদ্ধাশীল। এবারের ফসলহানির পর জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যন্ত হাওর পাড়ে কৃষকের দুঃখ দুর্দশা নিজ চোখে দেখতে তিনি চলে এসেছিলেন। যাদের দুর্নীতির কারণে কৃষক কূলে আজ দুঃখ দুর্দশা তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। সরকার এ ব্যাপারে অত্যন্ত কঠোর। কোন ভাবেই দুর্নীতি সহ্য করা হবে না।’
কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারাই দেশের প্রাণ, কৃষক বাঁচলে কৃষি বাঁচবে আর কৃষি বাঁচলেই দেশের উন্নয়ন অগ্রযাত্রা তরান্বিত হবে।’
শুক্রবার বিকেল ৫টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে দিরাই উপজেলা কৃষকলীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা কৃষকলীগের আহ্বায়ক তাজুল ইসলামের সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়ার পরিচালনায় কৃষক সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা কৃষকলীগের আহ্বায়ক অ্যাড. আসাদ উল্লাহ সরকার, দিরাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাড. অভিরাম তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, জুনেদ আহমেদ, বিন্দু তালুকদার, ফজলুর রহমান, সদস্য মঈনুল হক, রিংকু চৌধুরী, পাখি চৌধুরী, শাহনুর তালুকদার প্রমুখ।


