কৃষকের কান্না কেউ শুনে না

মো. মশিউর রহমান
সুনামগঞ্জ জেলা কৃষি নির্ভর অঞ্চল। জেলার ২৫ লক্ষাধিক লোকের বেশির ভাগই কৃষি কাজের সাথে জড়িত। জেলার বড় বড় হাওরগুলোতে বোরো চাষ করা হয়। ফলে কৃষকেরা একটি মাত্র ফসলের উপর নির্ভরশীল থাকেন। বৈশাখ মাসে সোনার ফসল ঘরে তোলেন। চৈত্র মাস আসলেই কৃষকের উৎকন্ঠা শুরু হয়ে যায়। সঠিক ভাবে কষ্টার্জিত ফসল ঘরে তোলতে পারবেন কিনা। মানব সৃষ্ট দুর্যোগ ও বিরূপ প্রকৃতিই কৃষকের প্রধান শত্রু। এ বছর বৈশাখ মাস আসার পুর্বেই শুরু হয়ে গেছে প্রকৃতির বিরূপ তান্ডবলীলা। গতকাল শিলাবৃষ্টিতে জেলার শাল্লা, জগন্নাথপুর, দিরাই,জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ধর্মপাশা, সুনামগঞ্জ সদর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে অনেক ফসল তলিয়ে গিয়েছে। পানিতে শুধু ফসলই তলিয়ে যায় না, কৃষকের স্বপ্নও তলিয়ে যায়। সুনামগঞ্জ হতে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর গতকালের প্রধান প্রধান শিরোনাম ছিলো কৃষকের দুর্ভোগের চিত্র নিয়ে “হাওরে কাঁদছে কৃষক, হাসছে পাউবো”, “ফসল রক্ষার দাবিতে কৃষক জনতার মানববন্ধন”, “উদ্বেগ বাড়ছে কৃষকের”, “বাঁধ ভেঙ্গে তলিয়ে যাচ্ছে ফসলি জমি”। পত্রিকান্তরে জানা যায় সুনামগঞ্জ জেলায় চলতি মওসুমে ২ লাখ ১৫ হাজার ৯৮০ হেক্টর বোরো চাষ হয়েছে। ধারণা করা যাচ্ছে যদি কৃষক সঠিক ভাবে ফসল ঘরে তুলতে পারেন তাহলে প্রায় ৮ লাখ ৩৫ হাজার মেট্টিক টন চাল উৎপাদন হবে। যার বাজারমূল্য প্রায় আড়াই হাজার কোটি টাকা। কিন্তু এ বছর জেলার কৃষক সম্প্রদায় চরম উৎকন্ঠার মধ্যে দিন পার করছেন। গত কয়েকদিন ধরে ধারাবাহিক বৃষ্টি, শিলাবৃষ্টিতে ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে বলে স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। বিশেষ করে অনেক উপজেলায় হাওরের বাঁধের কাজ এখনও অর্ধেকও হয় নাই। স্থানীয় একটি পত্রিকায় প্রকাশ, শাল্লা উপজেলায় ৩১ টি বাঁধের কাজ হয়েছে মাত্র ৩৫ ভাগ। প্রতি বছরই এমন চিত্র পরিলক্ষিত হয়। বৈশাখ মাসে ধান কাটা শুরু হয়ে  যায় কিন্তু তখনও বাঁধের কাজ শেষ হয় না। এগুলো দেখার কি কেউ নেই? আমার প্রশ্ন হল জেলার সকল হাওরের ফসল রক্ষাকারী বাঁধগুলির কাজ নির্ধারিত সময়ে শেষ না হলে কর্তৃপক্ষ কেন সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন না? এমনও দেখা যায়  কোন উপায় না পেয়ে স্থানীয় কৃষকরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজেরাই অনেক ঝুঁকিপূর্ণ বাঁধ তৈরি করছেন। দেশের কৃষক সমাজ বরাবরই বঞ্চিত শ্রেণির, শোষিত শ্রেণির। তাদের উৎপাদিত পণ্যের নায্যমূল্য তারা পান না। কৃষকেরা দাদন ব্যবসায়ীদের কাছ থেকে উচ্চসুদে টাকা নিয়ে ফসল ফলিয়ে উৎপাদিত ফসলের মূল্যও পাচ্ছেন না। বাজারে ধানের বর্তমান মূল্য এতই কম যে এক কেজি ইলিশ কিনতে নাকি ছয় মণ ধানের প্রয়োজন হয়। তাহলে কৃষক বাঁচবে কিভাবে? কয়েকদিন পরেই দেশব্যাপী পহেলা বৈশাখ উদযাপিত হবে। শহরাঞ্চলে নববর্ষ পালিত হবে ঘটা করে। বর্তমান সরকার সরকারি চাকুরীদের স্কেলের ২০% বৈশাখী ভাতা চালু করেছেন। নিঃসন্দেহে এটি একটি  প্রশংসনীয় উদ্যোগ। সরকারি চাকুরীজীবীরা তাদের সন্তানাদি নিয়ে পান্তা ভাতের সাথে ইলিশ মাছ দিয়ে দিনটি উদযাপন করতে পারবেন। যদিও বাংলা নববর্ষের সাথে পান্তা ভাত ও ইলিশের কোন সম্পর্ক আছে বলে আমার জানা নেই। অন্যদিকে কৃষকেরা দিনটি হতাশায় কাটাবেন। তখনও তাদের ঘরে নতুন ফসল ঘরে উঠবে কিনা সন্দেহ। কৃষকের বুকের ভিতরের চাপা কষ্ট দেখার কেউ নেই। তারা বরাবরই নিষ্পেষিত শ্রেণির। কৃষকের নায্য দাবি সঠিক সময়ে হাওরের বাঁধগুলি নির্মাণ, উৎপাদিত  ফসলের মূল্য বৃদ্ধিসহ কৃষকের মৌলিক সমস্যাগুলির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্ব বৃদ্ধি করতে হবে। সুনামগঞ্জ জেলার অর্থনীতি পুরোটাই কৃষির উপর নির্ভরশীল। এখানে কৃষকের বাম্পার ফসলের উপর নির্ভর করে শিক্ষা, ব্যবসাসহ জীবন যাত্রার মানোন্নয়ন। জেলার বোরো ফসল নষ্ট হলে শুধু কৃষকের মাথায়ই হাত পড়বে না। এর বিরূপ প্রভাব পড়বে জেলার সবর্ত্রই। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের প্রতি দৃষ্টি দিন। জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও জেলা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। কৃষি নির্ভর সুনামগঞ্জ জেলার কৃষক সম্প্রদায়ের মুখে হাসি ফুটানোর জন্যে যথাসময়ে হাওরের বাঁধ নির্মাণ সহ হাওর নিয়ে মহাপরিকল্পনা করুন এবং দ্রুত এর বাস্তবায়ন করুন।   
লেখক ঃ কলেজ শিক্ষক