কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ

গোলাম সরোয়ার লিটন

উপজেলার যেদিকে চোখ যায় দিগন্তজুড়ে শুধু হাওরের পর হাওর। আর এসব হাওরের বুকে বাতাসে দোলছে কাঁচা পাকা ধান। পাকা ধানের সোনালী রং কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে। এ বছর ধানের ফলনও অনেক ভাল হয়েছে। হাওরবাসীর একমাত্র ফলস হাওর থেকে উৎপাদিত এক ফসলী বোরো ধান। বছরের শেষ প্রান্তে এসে কৃষকের হাতে টাকা নেই। তাই দরিদ্র কৃষকরা ধারদেনা করে কৃষি শ্রমিক দিয়ে ধান কাটছেন। আবার অনেকেই টাকা না পেয়ে দিশেহারা হয়ে ওঠেছেন। তবে ধান কাটতে সাধ্য অনুযায়ী অনেকেই এগিয়ে আসছেন স্বেচ্চাশ্রমে।

তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের ক্ষুদ্র কৃষক ছমির উদ্দিন। তার হাতে নগদ কোন টাকা নেই। ধারদেনা করেও টাকা পাচ্ছেন না। উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা এ খবর শুনতে পায়। এবং সংগঠনটির ৩০জনের একটি দল হাতে কাঁচি রশি নিয়ে ছমির উদ্দিনের বাড়ি চলে যান। তাঁকে সাথে নিয়ে জমিতে ধান কাটা শুরু করেন। আর এতে করেই আজ শনিবার সকাল থেকে ছমির উদ্দিনের ২ কিয়ার (এক কিয়ার=৩০ শতক) জমির ধান কেটে মাড়াই খলায় এনে দিয়েছেন। ছমির উদ্দিন জানান, তিনি উপজেলা পরিষদের সামনে অবস্থিত শনির হাওরের ছয় কিয়ার (এক কিয়ার=৩০ শতক) জমিতে ধানের চাষ করেছেন। টাকার অভাবে ধান কাটতে পারছেন না । ছাত্রলীগের এমন কাজ আমাকে স্বস্তি দিয়েছে। আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করছি। তিনি আরও জানান, এ সকল ছাত্ররা সবাই হাওরপাড়ের কৃষকের সন্তান তাই ধান কাটারও অভ্যাস রয়েছে।

উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অজয় কুমার দে বলেন, উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরাও হাওরপাড়ের কৃষকদের সন্তান। তাদের এই কাজ সময়োপযোগী ও অনুকরণীয়।

ধান কাটার উদ্যোক্তাদের একজন উপজেলা ছাত্রলীগ নেতা রাজন চন্দ্র বলেন, করোনার এই দুর্যোগে যদি হাওরে উৎপাদিত ধান কৃষকগণ গোলায় তুলতে পারেন। তবে দেশের জন্য হবে এক বিরাট প্রাপ্তি। আমরা চাই হাওরপাড়ের সবাই মিলে সামাজিক দুরত্ব বজায় রেখে কৃষকদের কাজের পাশে থাকি।

ধান কাটায় আরো যারা ছিলেন উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম, ছাত্রলীগ নেতা প্রতীক হাসান নবী, মবিননুর আহমেদ, সুদীপ তালুকদার মুন, সাফিজ আহমেদ, তানভীর আহমেদ, আহমেদ জুয়েল, দীপায়ন দাস দীপ্ত, পুলক তালকুদার, পিংকু তালুকদার ও বিজয় চন্দসহ অনেকেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বীজেন ব্যানার্জি বলেন, আমরা সবাই মিলে হাওরে উৎপাদিত ধান কৃষকের গোলায় তোলা নিশ্চিত করতে চাই। এজন্য সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসছেন। ধন্যবাদ উপজেলা ছাত্রলীগ ও ধানকাটায় জড়িত সকলকে।