বাঁধ নির্মাণে সীমাহীন অনিয়ম-দুর্নীতির সাথে প্রবল প্রাকৃতিক দুর্যোগ যুক্ত হয়ে এবার যে বিশালমাত্রার বোরো ফসল হানি ঘটল সেখানে প্রথমেই এগিয়ে আসার কথা ছিল দেশের রাজনৈতিক দল ও কৃষক সংগঠনগুলোর। দুর্ভাগ্যজনক সত্য হলো এই জায়গায় একটি বিশাল শূন্যতা সকলেই লক্ষ্য করছেন। এই শূন্যতা না থাকলে এখানে ভিন্ন কোন গোষ্ঠী বা পক্ষের নাক গলানোর সুযোগ তৈরি হত না। গ্রামাঞ্চলে বিপন্ন মানুষ হাহাকার করছে। চোখের সামনে তাঁদের ফসল পানির নীচে তলিয়ে যাচ্ছে। তাদের ঘরে খাদ্য নেই। তাদের গবাদিপশুগুলো খাদ্যের অভাবে সংকটাপন্ন। হাওরের মাছগুলো রাসায়নিক বিক্রিয়ায় মরে যাচ্ছে। জেলে-কৃষকদের চোখে অন্ধকার। এমন বিপন্ন অবস্থা সমাজের যেকোন বিবেকবান মানুষকেই পীড়িত করে। এই অবস্থায় সুনামগঞ্জ শহরে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন নামক একটি সংগঠন সংকাটপন্ন কৃষকদের পক্ষে মাঠে নেমেছে। তারা ফসলহারা কৃষকদের খাদ্য নিরাপত্তা জোড়দার, হাওর দুর্নীতির বিচার, ব্যাপক পুনর্বাসন কর্মসূচী গ্রহণ ও সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে আসছে। এখন কিছু ব্যক্তি এই আন্দোলনকারীদের নিয়ে বিভিন্ন জায়গায় কটাক্ষ করার চেষ্টা করছেন বলে দেখা যাচ্ছে। এটি দুর্ভাগ্যজনক।
আমরা যে বিপন্ন হয়েছি এই কথা তো কাউকে না কাউকে জানাতে হবে। এই দায়িত্ব কেউ কাঁধে তুলে না নিলে সরকারের মনোযোগ আকর্ষণ করা সম্ভব কীভাবে? জনগণ দেখেছে এবার বাঁধ নির্মাণের মৌসুম শুরু হওয়ার পর থেকেই স্থানীয় গণমাধ্যম পিআইসি ও ঠিকাদারদের কাজ নিয়ে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ করে গেছে। বিভিন্ন হাওরপাড়ে কৃষকরা যখন বাঁধ নির্মাণের ত্রুটি বিচ্যুতি নিয়ে সোচ্চার হয়েছেন গণমাধ্যম সেগুলো প্রকাশ করেছে। হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও নামক নাগরিক সংগঠনটি ওইসব বিষয়কেই সামনে নিয়ে এসেছে। গণমাধ্যমের কার্যকর ভূমিকা, অসংগঠিত কৃষকদের তাৎক্ষণিক ও স্বতস্ফূর্ত ক্ষোভ ও নাগরিক আন্দোলনের ফলেই সুনামগঞ্জের ব্যাপক ফসল হারানোর বিষয়টি সরকারের সর্বোচ্চ মহলের নজর কাড়তে সক্ষম হয়েছে। সরকার প্রধান ক্ষতিগ্রস্ত হাওরবাসীর জন্য বেশ কিছু পুনর্বাসন ও রক্ষা কর্মসূচীর ঘোষণা দিয়েছেন। স্বয়ং রাষ্ট্রপতি ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চল ঘুরে গেছেন। ত্রাণমন্ত্রী এসেছেন। বাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতির তদন্ত শুরু করেছে দুদক। এইসব অর্জনের জন্য তো সকলেই আন্দোলনকারীদের ধন্যবাদ জানাচ্ছেন। এরকম অবস্থায় কেউ কেউ কেন যে এই আন্দোলনকারীদের বিরুদ্ধে কথা বলে বিভ্রান্তি তৈরি করছেন তা কারও বোধগম্য নয়। কেউ কেউ কৃষকের বিপন্ন অবস্থা তুলে ধরাকে সরকার বিরোধী তৎপরতা হিসেবে সামনে আনার চেষ্টা করেছেন। এটি নিতান্তই হাস্যকর।
আরেকটি মহল অত্যন্ত সুচতুরভাবে হাওরাঞ্চলের এই মহাদুর্যোগকে (ধান ও মৎস্যসম্পদ হানি) জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, উজান অর্থাৎ ভারতের রাসায়নিক দূষণ ইত্যাদি কারণকে সামনে নিয়ে এসেছেন। বর্তমান বছরের ফসল হানির পিছনে জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগ অবশ্যই প্রধান কারণ। কিন্তু এই কথা বলে বিশাল পরিমাণ হাওর দুর্নীতিকে আড়াল করার যেকোন জনস্বার্থহানিকর প্রচেষ্টার বিরুদ্ধে সকলের একমত থাকা উচিৎ। কৃষকরা মনে করেন যথাযথভাবে বাঁধের কাজ হলে পানির প্রাথমিক ধাক্কায় কোন হাওরই ডুবে যেত না। প্রতিবছরই হাওর দুর্নীতির এই যে সংস্কৃতি সেটিকে চিরতরে নির্মূল করে একটি স্থায়িত্বশীল হাওর সুরক্ষা কৌশল উদ্ভাবনে সকলের মনোযোগী হওয়া উচিৎ। নতুবা বছর বছর সুনামগঞ্জের বোরো চাষীদের চোখের জলে হাওর ভাসবে একই সাথে দেশের খাদ্য নিরাপত্তা ব্যবস্থা পড়বে হুমকিতে।
- যৌনকর্মীদের উচ্ছেদে তিন এলাকাবাসীর আবেদন
- হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন এর উপজেলা কমিটি গঠনের সিদ্ধান্ত

