দিরাই প্রতিনিধি
ড. জয়া সেনগুপ্তা এমপি বলেছেন, কৃষির উপর নজরদারি বাড়াতে হবে, কৃষকের স্বার্থ বিরোধী কোন ধরনের কাজ করা যাবে না। কৃষক বাঁচলে দেশ বাঁচবে।
সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষকদের মাঝে আধুনিক ধান কাটার যন্ত্র কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণে অনিয়মের কথা উল্লেখ করে ড. জয়া সেনগুপ্তা বলেন, ৭০ ভাগ টাকা ভতুর্কি দিয়ে সরকার কৃষকদের ধান কাটার সুবিধার্থে এসব যন্ত্রের ব্যবস্থা করেছে। কিন্তু এতে অনিয়ম করা হয়েছে। কৃষি বিভাগকে সতর্ক করে তিনি বলেন, আর অনিয়ম করবেন না, সতর্ক হয়ে যান।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরীর সভাপতিত্বে ও ইউএনও মাহমুদুর রহমান মামুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই—শাল্লার সাংসদ ড. জয়া সেনগুপ্তা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, নারী ভাইস চেয়ারম্যান অ্যাড. রিপা সিনহা, ইউপি চেয়ারম্যান, শৈলেন চন্দ্র দাস, জহিরুল ইসলাম জুয়েল, পরিতোষ রায়, মোয়াজ্জেম হোসেন জুয়েল, লিটন দাস, হুমায়ুন রশিদ লাভলু, আলী আহমদ, একরার হোসেন ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় জানানো হয় আকস্মিক ঢলের পানিতে তলিয়ে গেছে ৩ হাজার হেক্টর জমির ধান এতে তিনটি ইউনিয়নের ১০—১২ হাজার কৃষক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।


